রাজশাহী, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখন থেকে প্রতি বছর জানুয়ারি মাসে সারা দেশে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
তিনি বলেন, "নির্বাচন প্রক্রিয়া আরো সহজ করতে সারা দেশে সার্ভার স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।"
শনিবার সকালে রাজশাহীর তানোর উপজেলা সদরে সার্ভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, সার্ভার স্টেশনগুলো কার্যক্রম শুরু করলে জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধনসহ ভোটার তালিকা, নির্বাচন প্রক্রিয়া ও অন্যান্য কার্যক্রমের জন্য আর ঢাকার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হবে না। উপজেলা সদর থেকেই নির্বাচন সংক্রান্ত তথ্য ও জাতীয় পরিচয়পত্র করা যাবে।
এতে জনগণের ভোগান্তি কমবে বলে সিইসি মনে করেন।
সার্ভার স্টেশন পরিদর্শনের সময় শামসুল হুদার সঙ্গে ছিলেন- উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা, রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী একে আজাদ, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী-উল-শহীদ, উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লা প্রমুখ।
পরে সিইসি রাজশাহীর মোহনপুর, বাগমারা, পবা ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সার্ভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
রোববার রাজশাহীতে অনুষ্ঠেয় নির্বাচন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24