ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকায় মার্কিন দূতাবাস ও ভারতীয় হাইকমিশনসহ আরো গুরুত্বপূর্ণ স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনাকারী সন্দেহে গ্রেপ্তার মুফতি হারুন ইজহার, সাইফুল ইসলাম ও মো. শহীদুল ইসলাম সুজনকে আরো তিনদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মুফতি হারুন ইজহার ইসলামী ঐক্য জোটের একাংশের নেতা মুফতি ইজহারুল ইসলামের ছেলে।
সোমবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. গিয়াসউদ্দিন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন।
আবেদনটির শুনানি শেষে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রব্বানী তিন দিনের জন্য তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এ সময় বিচারক তাদের পক্ষে জামিন আবেদন নাকচ করে দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এ অভিযুক্তরা বিভিন্ন জঙ্গির সঙ্গে সম্পর্কিত। তারা মার্কিন দূতাবাস ও ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করলে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার থেকে দুদিনের জিজ্ঞাসাবাদে বোমা হামলার পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তাদের মোবাইল কললিষ্ট সংগ্রহ করে আদালতে দাখিল করা জানিয়ে বলা হয়, তিন জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা বিশেষ করে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে।
অ্যাডভেকেট মো. এমদাদুল ইসলাম খান এ সময় তাদের পক্ষে জামিন আবেদন শুনানি করেন।
জামিনের আবেদন বিরোধিতা করে রিমান্ড আবেদনের পক্ষে আদালতে বক্তব্য দেন সংশ্লিষ্ট প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক সুভাষ চন্দ্র সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএইচ/২২১৫ ঘ.
bdnews24