২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারের আচরণে সংসদ ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে'

ক্ষমতাসীন দলের 'স্বৈরাচারী আচরণ' এ বিরোধী দলের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ক্ষমতাসীন দলের 'স্বৈরাচারী আচরণ' এ বিরোধী দলের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দিন থেকে শুরু হওয়া অধিবেশনেও বিএনপি যোগ দিচ্ছে না জানিয়ে তিনি বলেন, "আজও সংসদ অধিবেশন বসছে। তাতেও আমাদের সাংসদরা যোগ দিতে পারছেন না। "কারণ, বিরোধী দলের নেতা-কর্মী ও নাগরিকদের সঙ্গে চরম স্বৈরাচারী আচরণের মাধ্যমে সংসদের ভেতরে ও বাইরে তারা পরিবেশ এতোটাই নষ্ট করে চলেছে যে আমাদের সাংসদদের অধিবেশনে যোগদানের সুযোগ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।" চলতি নবম সংসদের প্রথম অধিবেশনের পর থেকেই বিরোধী দল সংসদ অধিবেশনে যাচ্ছে না। প্রথমে সংসদের আসন পুনর্বিন্যাস নিয়ে তারা সংসদ অধিবেশনের যাওয়া থেকে বিরত থাকলেও পরে সরকারের বিরুদ্ধে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়নের অভিযোগ আনছে। ১৪ দিন পর বুধবার জাতীয় সংসদের অধিবেশন বসে। এটি নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গত ১৩ অক্টোবর অধিবেশন মুলতবি করা হয়। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব গত ১০ মাসে সরকারের ব্যর্থতার চিত্র, সংসদে না যাওয়ার কারণ, দ্রব্যমূল্য পরিস্থিতিসহ নানা বিষয়ে কথা বলেন। তিনি বলেন, "পাতানো নির্বাচনের সাজানো ফলাফলও মেনে নিয়ে বিএনপি প্রথম দিন থেকে সংসদ অধিবেশনে দেয়। কিন্তু বাকশালী স্বৈর-মানসিকতায় বিশ্বাসী আওয়ামী লীগ আমাদের সংসদে থাকতে দেয়নি।" বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে না দেওয়ার আহবান জানিয়ে দেলোয়ার বলেন, "মিথ্যাচার, ষড়যন্ত্র, জুলুম ও ফ্যাসিবাদের পরিণতি কখনো শুভ হয় না। এখনো সময় আছে, আপনারা শুভ বুদ্ধির পরিচয় দিন। আমাদের আন্দোলনের পথে নামতে বাধ্য করবেন না।" অষ্টম সংসদে বিরোধী দলের আসন বণ্টন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া তথ্যকে 'অসত্য' বলে মন্তব্য করে অষ্টম সংসদের প্রধান হুইপ দেলোয়ার বলেন, "প্রকৃত তথ্য হচ্ছে, অষ্টম সংসদে স্পিকারের বাম দিকের সামনের সারির ১০টি আসনের সব ক'টি বিরোধী দলকে বরাদ্দ করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের আটটি এবং অপর দুটি জাতীয় পার্টিকে দেওয়া হয়। ওই সারিতে সরকারি দলের একজন সাংসদকে আসন বরাদ্দ দেওয়া হয়নি।" গত ১৭ অক্টোবর দারিদ্র্য নিরসন দিবসে এক সম্মেলনে প্রধানমন্ত্রী বিরোধীদলকে জাতীয় সংসদে গিয়ে জনগণের জন্য কথা বলার আহবান জানিয়ে বলেছিলেন, "আজ আমরা একত্রিত হয়েছি জনগণের স্বার্থে। অথচ সংসদের একটি সিট উনার (খালেদা) কাছে বড় হয়ে গেলো। বিরোধীদলীয় নেত্রী এখানে উপস্থিত হলে আমি আনন্দিত হতাম।" অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৬২টি আসন পেয়ে আওয়ামী লীগ প্রথম সারির পাঁচটি আসন পেয়েছিলো। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি ২৭টি আসন পেয়ে প্রথম সারির পাঁচটি আসনে সন্তুষ্ট হতে পারছেন না কেনো, সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "ওনারা (বিগত সরকার) যেটা দিতে পারেন নি, সেটা কেনো চান ?" 'প্রধানমন্ত্রী দারিদ্র্যবিরোধী সমাবেশে বর্তমান ও জোট সরকারের আমলে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের হার, শিক্ষার হার, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, দ্রব্যমূল্য পরিস্থিতি সর্ম্পকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন দাবি করে দেলোয়ার বলেন, "ওই সব পরিসংখ্যান সঠিক নয়। সরকার মিথ্যাচার প্রচারণার পথ বেছে নিয়েছে। একজন প্রধানমন্ত্রী যখন তার বক্তব্যে এতো অসত্য তথ্য দেন, তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়।" আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের কঠোর সমালোচনা করেন তিনি বলেন, "বিরোধী দলের প্রতি সরকারের যুদ্ধংদেহী মনোভাব দেখে মনে হয়, গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র আস্থা তাদের নেই। তারা মনে করছেন, এ সরকারই বোধ হয় সর্বশেষ সরকার।" দেলোয়ার বলেন, "দিন বদলের রঙিন স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় বসে তাদের ফ্যাসিবাদী চেহারা আর্বিভূত হচ্ছে। বিরোধী দল ও জনগণের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা ক্রমেই বাড়িয়ে দিয়ে সরকার এখন আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের সহ-সভাপতি এম কে আনোয়ার, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাংসদ বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, যুব দলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৬৪০ ঘ.