২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিই সব ষড়যন্ত্র করছে: মতিয়া

মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশ অস্থিতিশীল করতে বিএনপি একের পর এক ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী। শেখ হাসিনার ভাইপো সাংসদ ফজলে নূর তাপসের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এক প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশ অস্থিতিশীল করতে বিএনপি একের পর এক ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী। শেখ হাসিনার ভাইপো সাংসদ ফজলে নূর তাপসের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এক প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ অভিযোগ করেন। মতিয়া চৌধুরী বলেন, "একের পর এক ষড়যন্ত্র করে চলেছেন খালেদা। কারণ বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি চলছে। এখন খুনীদের বাঁচাতে খালেদা মরিয়া হয়ে পথ খুঁজছেন। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের খুন করা হলো। তাপসের ওপর হামলা করা হয়েছে।" বুধবার রাতে মতিঝিলে ঢাকা ১২ আসনের সাংসদ তাপসের ওপর বোমা হামলা হয়। এতে তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাপসের বাবা শেখ ফজলুল হক মনি এবং মা আরজু মনিকেও হত্যা করা হয়। শেখ মনি বঙ্গবন্ধুর ভাগ্নে। সুপ্রিম কোর্টে বর্তমানে বঙ্গবন্ধু মামলার যে আপিল শুনানি চলছে, তাতে ব্যারিস্টার তাপস রাষ্ট্রপক্ষের একজন কৌঁসুলি। মতিয়া বলেন, "আমি সবসময় শুনে এসেছি শ্রমিকরা আন্দোলন করে। কিন্তু এবার গার্মেন্টস মালিকরাও আন্দোলনের হুমকি দিলেন। জনগণ আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা এ ষড়যন্ত্র মোকাবেলা করেছেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, "বঙ্গবন্ধুর খুনীদের সান্ত্বনা দিতে খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করেন। তার একাধিক জন্মদিন রয়েছে।" মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২২২৮ঘ.