ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আদালতের রায়ের নির্দেশনা অনুযায়ী ভোলা-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর নির্বাচনের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন একথা বলেন।
নির্বাচন কমিশনে ছহুল হোসাইন বলেন, "আমরা আদালতের রায়ের কপির অপেক্ষায় আছি। রায় এলে ওই আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে।"
রোববার সংসদ সদস্যপদ খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ভোলা-৩ আসনের আওয়ামী লীগ সাংসদ জসিমউদ্দিনের আপিল আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। আদেশের পর পরাজিত বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক সাংবাদিকদের বলেছিলেন, "এখন ইসি ওই আসনে উপ-নির্বাচনের ব্যবস্থা করবে।"
হাফিজউদ্দিন আহমেদের আবেদনে গত ২৬ ফেব্র"য়ারি হাইকোর্ট জসিমউদ্দিনের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করে রায় দেয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে হারিয়ে বিজয়ী হন অবসরপ্রাপ্ত মেজর জসিম।
গণপ্রতিনিধিত্ব আদেশ-এর ১২ (চ) ধারা মতে অবসরের ৩ বছরের মধ্যে এবং ১২ (ছ) ধারা মতে বাধ্যতামূলক অবসরের ৫ বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। জসিমউদ্দিনের বাধ্যতামূলক অবসরের ৫ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।
জসিমকে ২০০৪ সালের ৩১ আগস্ট বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
এই বিষয়ে নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে আগে জাজ অব এডভোকেট জেনারেল (জেএজি) লে. কর্নেল মো. আজিজ আহমেদের মতামতের ওপর ভিত্তি করে জসিমের আবেদন বৈধ করা হয়।
ছহুল হোসাইন বলেন, জসিম নির্বাচনী আইন লঙ্ঘন করে প্রার্থী হয়েছেন জেনে প্রধান নির্বাচন কমিশনার মতামত চান জেএজি'র কাছে। জেএজি ইসিকে বলেছেন, জসিমের চাকরি থেকে অবসরের বিষয়টি বাধ্যতামূলক অবসরের ধারায় পড়ে না। এর পরিপ্রেক্ষিতেই অবসরের তিন বছর অতিবাহিত হওয়ায় তার আবেদন বৈধ করা হয়।
বাধ্যতামূলক অবসর নেওয়ার পাঁচ বছর পূর্ণ হওয়ায় এখন ওই আসনে পরবর্তী নির্বাচনে জসিম উদ্দিন অংশ নিতে পারবেন বলে জানান ছহুল হোসাইন।
নির্বাচন কমিশনার জানান, আদালতের রায় হাতে পাওয়ার পর আসন শূন্য করার বিষয়ে সংসদ সচিবালয়কে অবহিত করবে ইসি। সংসদ সচিবালয় আসন শূন্য করে গেজেট প্রকাশ করবে। এরপর তফসিল ঘোষণা করে নির্বাচনের আয়োজন করবে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২০০০ঘ.
bdnews24