২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুকে জামিন দেয়নি হাইকোর্ট

সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জামিন দেয় নি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জামিন দেয় নি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি রইস উদ্দিনের বেঞ্চ পিন্টুর জামিন আবেদনে এ আদেশ দেয়। পিন্টুর পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সরকার পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক। জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত পিন্টুকে জামিন দেননি। শুধু রুল জারি করেছেন।" গত ১৩ অক্টোবর গ্রেনেড হামলা মামলায় পিন্টুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এর আগে ১১ অক্টোবর এ মামলায় পিন্টুকে তিনদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালের ১৭ জানুয়ারি বিএনপি নেতা পিন্টুকে গ্রেপ্তার করা হয়। ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৩ জন নিহত হন। ওই মামলায় পিন্টুসহ মোট ২২ জনকে আসামি করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় পুলিশ অভিযোগপত্র দেয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ওই মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/আরএ/এসএইচ/১৬৪৫ ঘ.