ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসে 'জাতীয় ঐক্য রুখবে দারিদ্র্য' স্লোগানে শনিবার দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ গড়ার শপথ নিলো গোটা দেশ।
বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দারিদ্র্যবিরোধী সমাবেশে স্পিকার আবদুল হামিদ শপথ বাক্য পাঠ করান।
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজধানীর ছয়টি স্থানসহ দেশের ৬৪ জেলায় একযোগে এ শপথ করানো হয়।
শপথে বলা হয়: আমরা দৃঢ়তার সঙ্গে শপথ করছি- ক্ষুধা, দারিদ্র্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা ক্ষুধা, দারিদ্রের বিরুদ্ধে রূখে দাঁড়াবো, ক্ষুধামুক্ত জাতি গড়বো। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সব বাধা অতিক্রম করবো। যতদিন বাংলাদেশ দারিদ্র্য ও ক্ষুধামুক্ত হবে না ততদিন আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়বোই।
এর আগে বেলা ৩টার পরপরই দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটি আয়োজিত সম্মেলন শুরু হয়। দেশে প্রথমবারের মতো এ ধরনের সম্মেলন আয়োজন করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসএইচ/২০০৮ ঘ
bdnews24