২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য দূর করতে হলে দুর্নীতি রুখতে হবে: প্রধানমন্ত্রী

দারিদ্র্য বিমোচনে দুর্নীতি রোধ করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি রুখতে না পারলে দারিদ্র্য দূর করা যাবে না। শনিবার আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসের সম্মেলনে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি বলেন, "আমার অঙ্গীকার হলো, দুর্নীতিবাজ আমার দলের বা যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীন। তারা স্বাধীনভাবে কাজ করবে। দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, তারা রেহাই পাবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 09:26 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচনে দুর্নীতি রোধ করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি রুখতে না পারলে দারিদ্র্য দূর করা যাবে না। শনিবার আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসের সম্মেলনে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি বলেন, "আমার অঙ্গীকার হলো, দুর্নীতিবাজ আমার দলের বা যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীন। তারা স্বাধীনভাবে কাজ করবে। দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, তারা রেহাই পাবে না।" শেষ পর্যন্ত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ছাড়াই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই সম্মেলন হয়। এতে বক্তারা বিরোধী নেতার সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এর কড়া সমালোচনা করেন। বিগত তত্ত্বাবধায়ক সরকার ও বিএনপিসহ জোট সরকারের আমলের সাত বছরে অতিরিক্ত এক কোটি ২০ লাখ লোক দরিদ্র হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দারিদ্রের সংখ্যা এ সময়ে ২০ শতাংশ বেড়েছে। অথচ এই সাত বছরে দেশে দরিদ্রের সংখ্যা কমার কথা ছিলো।" দারিদ্র্য বিমোচনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়ে তিনি বলেন, "সামাজিক নিরাপত্তার মাধ্যমে দেশের প্রতিটি মানুষ যেনো দু'বেলা দু'মুঠো ভাত পায় তা নিশ্চিত করা হবে। এই মওসুমে খাদ্য শস্যের বাম্পার ফলন হবে। "আমার সরকার সুষম উন্নয়ন চায়। সম্পদের সমান বন্টন চায়। আসুন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হই। বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য উন্নত জীবন গড়ি।" বিগত আওয়ামী লীগ আমলে বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয় জানিয়ে হাসিনা বলেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে আবার খাদ্য ঘাটতির দেশে পরিণত করে। কারণ, তারা মনে করে, খাদ্য ঘাটতি থাকলে বিদেশি সাহায্য আসবে। দারিদ্র্য বিমোচনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সম্মেলনে খালেদা জিয়ার অংশ না নেওয়া প্রসঙ্গে সংসদ নেতা হাসিনা বলেন, "তিনি আসেননি হয়ত সম্মেলনের এজেন্ডা 'জাতীয় ঐক্য রুখবে দারিদ্র্য'- এটি দেখে। এটি তার পছন্দ হয়নি। এটা যদি হতো 'লুটবো সম্পদ, হবো ধনী', তাহলে হয়তো তিনি আসতেন। যারা এতিমদের টাকা মেরে খায়। অরফানেজের টাকা মেরে খায়। তারা দেশকে কী দেবে।" বিরোধীদলকে জাতীয় সংসদে গিয়ে জনগণের জন্য কথা বলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আজ আমরা একত্রিত হয়েছি জনগণের স্বার্থে। অথচ সংসদের একটি সিট উনার (খালেদা) কাছে বড় হয়ে গেলো। বিরোধীদলীয় নেত্রী এখানে উপস্থিত হলে আমি আনন্দিত হতাম।" অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৬২টি আসন পেয়ে আওয়ামী লীগ প্রথম সারির পাঁচটি আসন পেয়েছিলো। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি ২৭টি আসন পেয়ে প্রথম সারির পাঁচটি আসনে সন্তুষ্ট হতে পারছেন না কেনো, সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "ওনারা (বিগত সরকার) যেটা দিতে পারেন নি, সেটা কেনো চান ?" বিরোধী দল থেকে নির্বাচিত স্থায়ী কমিটির সভাপতিরা দায়িত্ব পালন করায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "সংসদীয় কমিটির সভায় বিরোধী দলের সদস্যরাও নিয়মিত বৈঠকে যোগ দিচ্ছেন। বিরোধী দল সংসদে যোগ না দিলেও নিয়মিত সুযোগ-সুবিধাগুলো গ্রহণ করছে এবং সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিদেশ সফর করছে। এ জন্য আমি তাদের ধন্যবাদ দেবো।" ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, "সঙ্কট মোকাবেলায়, দারিদ্র্য দূরীকরণে এবং অর্থনৈতিক মুক্তিতে গণতন্ত্র দরকার। এই গণতন্ত্র ব্যাহত করতে কোনো মহল যেনো ষড়যন্ত্রে লিপ্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। গণতন্ত্র ছাড়া কোনো অগ্রগতি হয় না। আমরা জনগণের কাছে সবকিছুর জবাবদিহি দিতে প্রস্তুত রয়েছি।" প্রধানমন্ত্রী দাবি করেন, তার সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে। মূদ্রাস্ফীতি দু' অংক থেকে কমিয়ে ছয়ে নামিয়ে আনা হয়েছে। তিনি বলেন, "আওয়ামী লীগ যখনই সরকার গঠন করে তখনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণ করার সময় এশিয়াতে বিশাল অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছিল। তবে বিভিন্ন ব্যবস্থা নিয়ে দেশবাসীকে সেই মন্দার কথা বুঝতে দেওয়া হয়নি। এবারও যখন আমরা সরকার গঠন করি, তখন স্মরণকালের বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দেয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আমরা এই মন্দা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছি।" প্রধানমন্ত্রী আরও বলেন, "বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পরও রেমিটেন্স-এর হার ২২ দশমিক ৪ ভাগ বৃদ্ধি পেয়ে এর পরিমাণ ৯ হাজার মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ১০ দশমিক ৩ ভাগ রফতানি বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের যেকোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। 'বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে কেউ কেউ সমালোচনার চোখে দেখছে জানিয়ে শেখ হাসিনা বলেন, " আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি , তা হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লে দেশের গৌরব বাড়ে। আস্থার সঙ্গে দেশ পরিচালনা করা যায়। কোনো অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হলে তা মোকাবেলা করা সহজ হয়।' গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার বিষয়ে জোর দিয়ে শেখ হাসিনা বলেন, "শহরবাসী গ্রীষ্মকালে কম বিদ্যুৎ পেয়েছে। এ জন্য আমাকে গালিও দিয়েছে। সেটা আমি জানি। সেটা জেনেও সেচের জন্য গ্রামের মানুষকে বিদ্যুৎ দেওয়া হয়েছে।" তিনি বলেন, "জনগণ আমাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। যেকোনো মূল্যে এই দায়িত্ব আমরা পালন করবো।" সম্মেলনে সভাপতির বক্তব্যে স্পিকার আবদুল হামিদ জানান, বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি তাকে ব্যথিত করেছে। তিনি বলেন, "দুই নেত্রীকে একই মঞ্চে দেখার জন্য জাতি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। "মূলত তার (খালেদা) উপস্থিতির সম্মতি পেয়েই আমি এ আয়োজন চূড়ান্ত করেছিলাম। তার অনুপস্থিতি আমাকে ব্যথিত করেছে। তিনি গতকাল শুক্রবার যা বলেছেন, তা এ মঞ্চে এসে বলতে পারতেন।" তবে ভবিষ্যতে কোনও অনুষ্ঠানে দুই নেত্রীকে একমঞ্চে দেখার প্রত্যাশার কথা জানিয়ে স্পিকার বলেন, "কারণ জাতীয় ঐক্যের কোনও বিকল্প নেই।" দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটির আহ্বায়ক স্পিকার হামিদ বলেন, "আজকের এ সমাবেশ কোনও রাজনৈতিক সমাবেশ নয়। এখানে দুই জনই আমন্ত্রিত অতিথি।" নিরপেক্ষভাবে স্পিকারের দায়িত্ব পালনের দাবি করে হামিদ বলেন, "সংবিধান ও কার্যপ্রণালী মেনে সংসদ পরিচালনা করা হয়। সরকারের পক্ষ থেকে কখনোই কোনও প্রভাব খাটানো হয়নি।" 'জাতীয় ঐক্য রুখবে দারিদ্র্য' স্লোগানে দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটি আয়োজিত এেে সম্মলনে বিশেষ অতিথি হিসেবে খালেদার থাকার কথা থাকলেও শুক্রবার এক সংবাদ সম্মেলনে এতে অংশ না নেওয়ার ঘোষণা দেন তিনি। দারিদ্র্য নিরসন দিবসের সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "মহৎ একটি অনুষ্ঠানে আমাদের দারিদ্র্যের বিরুদ্ধে সম্মিলিতভবে অঙ্গীকার করার কথা ছিল। সেখানে বিরোধী দলীয় নেতা না আসায় আমাদের অঙ্গীকার কিছুটা হলেও দুর্বল হবে।" সংসদে সরকারি দলের প্রধান হুইপ, সর্বদলীয় সংসদ কমিটির চেয়ারম্যান ও দারিদ্র্য বিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটির কো- চেয়ার আব্দুস শহীদ বিরোধীদলীয় নেতার সমালোচনা করে বলেন, "এ সম্মেলনে তার অংশ না নেওয়া প্রমাণ করে, তিনি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চান না। দেশের ভাগ্যোন্নয়নে কাজ করতে চান না।" খালেদার বক্তব্যকে বাস্তবতা বিবর্জিত আখ্যায়িত করে শহীদ বলেন, "তার কথায় প্রমাণ হয়েছে, তিনি যা বলেন তা করেন না। পূর্ব ঘোষণা অনুযায়ী তার এখানে আসার কথা ছিল। তার খোঁড়া যুক্তিতে বিএনপির অনেকেও অবাক হয়েছে।" গত বৃহস্পতিবার এ অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে স্পিকারের সঙ্গে সরকারি ও বিরোধী দলের প্রধান হুইপ উপস্থিত ছিলেন। তখন পর্যন্ত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত ছিল। শনিবার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বেলা সাড়ে ৩টার পরপরই সম্মেলন শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটির সদস্য সচিব ও পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট এর শিশির কুমার শীল। তারপর বক্তব্য রাখেন জাতিসংঘের মিলিনিয়াম ক্যাম্পেইনের পরিচালক সলিল শেঠি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক কাজী খলিকুজ্জমান। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ সাংসদ আসাদুজ্জামান নূর। সম্মেলনে বিএনপির কোনও নেতা কিংবা সাংসদ উপস্থিত ছিলেন না। মন্ত্রিসভার সদস্য, সাংসদরা অনুষ্ঠানে অংশ নেন। দর্শক সারিতে আরও ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, বর্তমান উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুণ অর রশিদ প্রমুখ। ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটি দেশে প্রথম এ ধরনের সম্মেলন আয়োজন করে। দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটির এ আয়োজনে সহযোগিতা করছে জাতীয় সংসদ, সর্বদলীয় সংসদীয় গ্র"প (এপিপিজি) এবং পিপলস এমপাওয়ারমেন্ট ট্রাস্ট (পিইটি)। দিবস উপলক্ষে শুক্রবার থেকে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তা চলবে রোববার পর্যন্ত। দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটির সদস্য সচিব শিশির শীল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, দেশব্যাপী তিন দিনের এ কর্মসূচি পালনের জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) এক লাখ ২৮ হাজার ডলার অনুমোদন দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/এসএইচ/১৯৫৭ঘ.