ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজ ব্যবস্থার পরিবর্তন ছাড়া দারিদ্র্য নিরসন সম্ভবপর নয় বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।
আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি বলেন, "দারিদ্র্য উৎপাদনকারী সমাজ ব্যবস্থার পরিবর্তন ছাড়া দারিদ্র্য দূর করা সম্ভব নয়।"
১৬টি বেসরকারি সংস্থার (এনজিও) সমন্বয়ে গঠিত দারিদ্র্যবিরোধী মঞ্চ ওই সমবেশ আয়োজন করে।
এতে বক্তারা দারিদ্র্য নিরসনে আরও কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সিপিবি নেতা সেলিম বলেন, "বর্তমানে সরকারের ৩২টি মন্ত্রণালয়ের মধ্যে ৩১টিই দারিদ্র্য উৎপাদন করে। অন্য একটি মন্ত্রণালয় দারিদ্র্য দূর করার কাজে নিয়োজিত। তাই দারিদ্র্য দূর করা সম্ভব হচ্ছে না।"
দারিদ্র্যের জন্য প্রচলিত অর্থনৈতিক কাঠামোকে দায়ী করে তিনি বলেন, "এ অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে সমাজ ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। আর তা করতে না পারলে দারিদ্র্যও দূর করা সম্ভব নয়।"
বিচারপতি গোলাম রব্বানী বলেন, "স্বাধীনতার ৩৮ বছর পরও আমরা দারিদ্র্য বিমোচন করতে পারিনি। এটা কেন সম্ভব হয়নি, তা খতিয়ে দেখতে হবে। দারিদ্র্য বিমোচনে প্রয়োজনে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করতে হবে।"
দারিদ্র্য নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন।
তিনি বলেন, "বর্তমান সরকার দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকার কৃষি উৎপাদনসহ দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দারিদ্র্যের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
জাসদ সভাপতি হাসানুল হক ইনু জাতিসংঘের ঘোষিত আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচি এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ সানজিদা হক, ফজলে হোসেন বাদশা, ঢাকায় জাতিসংঘের কর্মকর্তা সলিল শেঠী প্রমুখ।
সমাবেশে দারিদ্র্য বিমোচনের শপথ বাক্য পাঠ করান দারিদ্র্যবিরোধী মঞ্চের আহ্বায়ক মহসীন আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৫০ ঘ.
bdnews24