২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদ রাখার মামলায় মঞ্জু খালাস

মদ রাখার মামলায় সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মঞ্জুর অনুপস্থিতেই এ মামলায় তাকে পাঁচ বছর সাজা দেওয়া হয়। শনিবারের রায়ের প্রতিক্রিয়ায় মঞ্জু বলেন, মামলাটি ছিল হয়রানিমূলক। তাই এমন রায়ই প্রত্যাশিত ছিল। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 06:21 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ রাখার মামলায় খালাস পেয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহর আদালত জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান মঞ্জুর আপিল আবেদনের শুনানি শেষে রোববার তাকে খালাসের আদেশ দেয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৬ জুন এ মামলায় মঞ্জুর পাঁচ বছরের কারাদণ্ডাদেশ হয়েছিল। তার অনুপস্থিতেই ওই রায় হয়। সংসদ নির্বাচনের পর বিদেশ থেকে দেশে ফিরে গত ২৮ জুন ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মঞ্জু। রায়ের প্রতিক্রিয়ায় দৈনিক ইত্তেফাকের অন্যতম মালিক মঞ্জু সাংবাদিকদের বলেন, "মামলাটি ছিল হয়রানিমূলক। তাই এমন রায়ই প্রত্যাশিত ছিল।" "এখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায়। আগের সরকার থাকলে কী হতো, তা তো বুঝতেই পারছেন", বলেন তিনি। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৮ মার্চ মঞ্জুর ধানমন্ডির বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করার কথা জানায় যৌথবাহিনী। অবৈধভাবে মদ রাখার অভিযোগে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক হোসেন বাদি হয়ে মঞ্জুর বিরুদ্ধে মামলা করেন। ২০০৭ সালে ২৪ মে আদালতে মঞ্জুর বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়। এর এক মাস পর ৩ জুন আদালতে অভিযোগ গঠনের পর মঞ্জুর অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলে। ওই বছরের ২৬ জুন ঢাকা মহানগর চতুর্থ সহকারী দায়রা জজ সৈয়দ জাহেদ মনসুরের দেওয়া রায়ে মঞ্জুকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাবেক সাংসদ মঞ্জু ১৯৯৬ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন। এর আগে এরশাদ সরকারেও মন্ত্রী ছিলেন তিনি। মঞ্জুর ভাই মইনুল হোসেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তবে দৈনিক ইত্তেফাকের মালিকানা প্রশ্নে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২১২ ঘ.