ঢাকা অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর নির্বাচন বর্জন করছে বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
পাশাপাশি নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানিয়েছে তারা।
ড্যাব সভাপতি ডা. এ কে এম আজিজুল হক শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নির্বাচন বর্জন করছি। কারণ, এই কমিশনের আওতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। তারা নিয়ম বহির্ভূতভাবে দ্বিতীয় দফায় সম্পূরক তালিকা প্রকাশ করেছে। এ জন্য আমরা নির্বাচন কমিশনারদের পদত্যাগও দাবি করেছি।"
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ার পর ড্যাব নির্বাচন বর্জন করলেও ব্যালট পেপারে তাদের প্রার্থীদের নাম থেকেই যাবে।
ড্যাব নেতারা অভিযোগ করেছেন, গত মঙ্গলবার দুপুরে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের পরে ওইদিনই গভীর রাতে সম্পূরক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
চিকিৎসকরা জানান, ওই দিন দুপুরে নির্বাচন কমিশনার বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে। তবে ওই তালিকায় ঢাকা, ময়মনসিংহ ও নোয়াখালীর সেন্ট্রাল কাউন্সিলের একশ' দুটি পদে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্যানেলের কোন প্রার্থী ছিল না।
পরে নির্বাচন কমিশন রাতে আরেকটি সম্পূরক প্রাথী তালিকা প্রকাশ করে। তাতে স্বাচিপের ৮৬ বৈধ প্রার্থীর নাম যুক্ত হয়।
বিএমএ নির্বাচন কমিশন সচিব লুতফর রহমান তখন বলেছিলেন, করণিক ভুলের কারণে প্রার্থী তালিকা থেকে স্বাচিপ প্রার্থীদের নাম বাদ পড়ে গিয়েছিল। কমিশনের নজরে আসার পরে সেটি সংশোধন করে সম্পূরক তালিকা প্রকাশ করা হয়েছে।
তবে ড্যাব সেটা মেনে নিতে পারেনি। পরদিন বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই সম্পূরক তালিকা প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নির্বাচন বর্জনের হুমকি দেয় তারা।
বিএমএ নির্বাচনে ড্যাবের প্যানেলে সভাপতি পদপ্রার্থী আজিজুল হক শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪৮ ঘণ্টার মধ্যে তালিকা পরিবর্তন না করায় বলা যায়, আমাদের নির্বাচন বর্জন শুরু হয়ে গেছে।"
চারদলীয় জোট সরকারের আমলে বিএমএ নির্বাচনে ড্যাব পূর্ণ প্যানেলে জয়ী হয়েছিল। ওই নির্বাচনে বিএনপিপন্থী চিকিৎসকদের সঙ্গে জামায়াতপন্থী চিকিৎসকরা জোট করেছিল।
এবারের নির্বাচনে ন্যাশনাল ডক্টরস ফোরাম এর ব্যানারে জামায়াতে ইসলামী সমর্থিত চিকিৎসকরা আলাদাভাবে নির্বাচন করছে।
ড্যাবের নির্বাচন বর্জনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্যানেলের মহাসচিব প্রার্থী অধ্যাপক শরফুদ্দীন আহমেদ শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা তাদের অজুহাত মাত্র।
"কারণ, বিগত সময়ে তারা যা করেছে তাতে মুখ নিয়ে ভোটারদের কাছে যেতে পারবে না। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় তারা চাইলেও এখন নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারছে না।"
বিএমএ নির্বাচন কমিশন সচিব লুতফর রহমান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ড্যাবের নির্বাচন বর্জন সংক্রান্ত কোন তথ্য আমাদের কাছে নেই। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যাওয়ায় এখন তো তা প্রত্যাহার করাও সম্ভব নয়। এ কারণেই ব্যালট পেপারে তো তাদের নাম ও প্রতীক থেকেই যাচ্ছে।"
আগামী ৫ নভেম্বর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কার্যনির্বাহী পর্ষদের ৪০টি পদে ও সেন্ট্রাল কাউন্সিলরের ২৮৭ টি পদে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এসএইচ/২১৪৫ ঘ.
bdnews24