ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান সঙ্কট নিরসনে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহবান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার বিকেলে রাজধানীর পুরান ঢাকায় সিপিবি ঘোষিত দেশব্যাপী দাবি সপ্তাহ কর্মসূচির উদ্বোধনী দিনে ঢাকার বিভিন্ন স্থানে আয়োজিত সমাবেশে নেতারা এ আহ্বান জানান।
তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ সঙ্কট, সন্ত্রাস, টেন্ডারবাজি, যানজট ও ক্রমবর্ধমান বেকারত্বে দেশের মানুষ ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণ ও জনগণের মৌলিক সমস্যার সমাধানে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলা প্রয়োজন।
বিকেলে রাজধানীর বাহাদুর শাহ পার্কে সমাবেশের মধ্য দিয়ে দাবি সপ্তাহের উদ্বোধন করা হয়। সিপিবি সুত্রাপুর থানা কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লাবলু, জাহিদ হোসেন খান, বিকাশ সাহা, রেহানা মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে লোহারপুলে গিয়ে শেষ হয়।
এছাড়া দাবি সপ্তাহের প্রথম দিনে তেজগাঁও, মিরপুর-কাফরুল, খিলগাঁও থানা কমিটিসহ দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এইচএ/২১৩৮ ঘ.
bdnews24