রাজশাহী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত চারদলীয় জোট সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক জামিনে মুক্ত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এ সময় জেলগেটে বিএনপির জেলা ও মহানগর নেতাকর্মীরা ভিড় জমান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার টিপু সুলতান জানান, মঙ্গলবার সর্বশেষ বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হাইকোর্টের জামিন স্থগিতের আদেশ আপিল বিভাগ খারিজ করে দেওয়ার পর বিকেলে এ সংক্রান্ত কাগজ পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার আমিনুল হক নাইকো দুর্নীতি, জঙ্গী গ্র"প জেএমবিকে মদদদান,সম্পদের তথ্য গোপন, ত্রাণের টিন আত্মসাৎ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলার মধ্যে তিনটিতে ইতিমধ্যে অব্যাহতি পেয়েছেন। জঙ্গি মদদদানের আলোচিত মামলাসহ দুটি মামলায় সাজা পেলেও অন্যগুলো বর্তমানে বিচারাধীন।
গত ১৫ জুলাই বাগমারার খালিশপুর গ্রামের মোজাফ্ফর আলী জঙ্গি মদদদানের অভিযোগে সর্বশেষ মামলাটি দায়ের করেন। এ মামলায়ও জামিন পান তিনি। আমিনুল হক এর আগে গত ১৩ সেপ্টেম্বর সব মামলায় জামিন পেলেও শুধুমাত্র কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত থাকার কারণে ওইদিন মুক্ত হতে পারেননি। মঙ্গলবার আপিল বিভাগ জামিনের স্থগিতাদেশ খারিজ করায় তিনি মুক্ত হলেন।
'ওয়ান ইলেভেন' এর পর আমিনুলের বিরুদ্ধে ঢাকা, রাজশাহী, নাটোর ও নওগাঁর আদালতে ২৩টি মামলা হয়। এর মধ্যে জঙ্গি মদদদানের মামলায় ৩১ বছর ৬ মাস জেল, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সাজা হয় রাজশাহীর আদালতে। দুদকের একটি দুর্নীতির মামলায় ১০ বছরের সাজা হয় তার।
ওয়ান ইলেভেনের পর দীর্ঘদিন পলাতক থাকার পর আমিনুল গত ৭ জুলাই আদালতে আত্মসমর্পণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০৪৭ঘ.
bdnews24