ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ শনিবার প্রথম সভা করেছে। এতে সাংগঠনিক বিষয়ে আলোচনা হলেও বিতর্কিত মন্তব্যের জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়নি।
শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সকালে সাড়ে ১০টার দিকে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় বেলা সাড়ে ৩টার দিকে।
পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দলের সদস্য নবায়ন, সদস্য হালনাগাদ এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে।
জলিলের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "মানসিক ভারসাম্যহীন কোনও ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায় না।"
আশারফ জানান, বৈঠকের শুরুতেই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে বাংলায় বক্তব্য দেওয়া ও বিভিন্ন প্রস্তাব রাখায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
সভায় দলের নির্বাচনী ইশতেহার, ঘোষণাপত্র, সরকারের বিভিন্ন প্রকল্প, শিক্ষানীতি প্রচার, চারদলীয় জোটের বিভিন্ন নেতিবাচক প্রচারের বিরুদ্ধে প্রচার চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ জন্য আওয়ামী লীগের ওয়েবপেজ হালনাগাদ করা এবং মিডিয়া সেন্টার পুনরায় চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দলের সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য হালনাগাদ করার জন্যও ফরম ছাপানো শুরু করা হবে।
আশরাফ জানান, অল্প সময়ের মধ্যেই ঢাকায় একটি বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ৩ নভেম্বর জেল হত্যা দিবসের কর্মসূচিও চূড়ান্ত করা হয়েছে।
দরপত্র ও চাঁদাবাজিতে আওয়ামী লীগের সম্পৃক্ততার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে আশরাফ বলেন, "টেন্ডার ও চাঁদাবাজির নিয়ে আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। তবে আমরা ব্যবস্থাও নিচ্ছি।"
বৈঠকে বেশ কয়েকজন সদস্য চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।
আশরাফ বলেন, "তিনি (হাসিনা) কার্যনির্বাহী সংসদের প্রতিটি সদস্যকে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করেছেন।
"প্রতিটি সাংগঠনিক এলাকায় দলের কার্যালয় করার ওপর জোর দিয়েছেন তিনি। এ জন্য দলের সদস্যদের টাকা সংগ্রহ করে বা নিজেদের অর্থে কার্যালয় গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন।"
শেখ হাসিনা দলীয় কার্যক্রম গতিশীল করার আহবান জানিয়ে বলেছেন, সরকার ব্যর্থ হলেও সংগঠন যদি সফল হয়, তা হলেও টিকে থাকা যায়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সঙ্কটের সমাধান করা হবে।
বৈঠকে বিডিআর বিদ্রোহ নিয়েও আলোচনা হয়েছে।
তবে প্রতিবারের মতো এবারের প্রথম বৈঠকে সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন হয়নি। এছাড়া কবে থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে তাও সুনির্দিষ্ট করা হয়নি।
নতুন কমিটির বৈঠক ঘিরে দলের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ওই কার্যালয়ের সামনে জড়ো হন। বৈঠক শুরুর আগে জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে দুটি লিফলেট বিলি করেন একদল কর্মী।
কার্যনির্বাহী সংসদ থেকে বাদ পড়ায় জলিলের পাশাপাশি দীর্ঘদিন পর এ বৈঠকে ছিলেন আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত।
এ বৈঠকের মধ্য দিয়ে আওয়ামী লীগের নীতি-নির্ধারণে প্রথমবারের মতো অংশ নিলেন অনেকে। যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, মেসবাহউদ্দিন সিরাজ, আফম বাহাউদ্দিন নাছিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনের মতো অনেকে এবারই প্রথম কমিটিতে স্থান পেয়েছেন।
গত ২৪ জুলাইয়ের কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি এবং সৈয়দ আশরাফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জানুয়ারিতে মন্ত্রিসভায় উপেক্ষিত হওয়ার পর নতুন কার্যনির্বাহী কমিটিতেও জায়গা পাননি আমু, রাজ্জাক, তোফায়েল ও সুরঞ্জিত। তাদের ঠাঁই দেওয়া হয়েছে দলের উপদেষ্টা পরিষদে। এ নিয়ে তাদের কয়েকজন সংবাদ মাধ্যমে নিজেদের অসন্তোষের কথাও জানান।
আলোচিত কয়েকজন নেতাকে মন্ত্রী না করা হলেও দেওয়া হয়েছে সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব। জলিলকে করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এছাড়া তোফায়েল শিল্প, সুরঞ্জিত আইন এবং রাজ্জাক পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন।
স
bdnews24