ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সভাপতিত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক চলছে।
শনিবার সকালে সাড়ে ১০টার দিকে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। নতুন কমিটির বৈঠক ঘিরে দলের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হয়েছেন সেখানে।
বৈঠক শুরুর আগে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে দুটি লিফলেট বিলি করে একদল কর্মী।
'সচেতন কর্মীবৃন্দ' ও 'যড়যন্ত্র প্রতিরোধ কমিটি'র ব্যানারে ওই লিফলেট দুটির বক্তব্যে বলা হয়, সাবেক সাধারণ সম্পাদক জলিল দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে যোগসাজশ করে বক্তব্য দিচ্ছেন।
জলিলের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তের সমালোচনাও করা হয় লিফলেটে।
এতে বলা হয়, "জলিল গংদের বিশ্বাসঘাতকতার দৃষ্টান্তমূলক শাস্তি দিন। দলকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করুন।"
বিভিন্ন বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেওয়া জলিলকে নিয়ে সভায় আলোচনা হতে পারে। তবে জলিলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার আভাস দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
কার্যনির্বাহী সংসদ থেকে বাদ পড়ায় জলিলের পাশাপাশি দীর্ঘদিন পর এ বৈঠকে নেই আমু, রাজ্জাক, তোফায়েল ও সুরঞ্জিত।
বৈঠকে আলোচ্যসূচির মধ্যে রয়েছে- শোক প্রস্তাব, আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, সাংগঠনিক ও বিবিধ।
সকাল সাড়ে ১০টা দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৈঠকস্থলে যান। এর কিছুক্ষণ পরই বৈঠক শুরু হয়।
এ বৈঠকের মধ্য দিয়ে আওয়ামী লীগের নীতি-নির্ধারণে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন অনেকে। যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, মেসবাহউদ্দিন সিরাজ, আফম বাহাউদ্দিন নাছিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনের মতো অনেকে এবারই প্রথম কমিটিতে স্থান পেয়েছেন।
গত ২৪ জুলাইয়ের কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি এবং সৈয়দ আশরাফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জানুয়ারিতে মন্ত্রিসভায় উপেক্ষিত হওয়ার পর নতুন কার্যনির্বাহী কমিটিতেও জায়গা পাননি আমু, রাজ্জাক, তোফায়েল ও সুরঞ্জিত। তাদের ঠাঁই দেওয়া হয়েছে দলের উপদেষ্টা পরিষদে। এ নিয়ে তাদের কয়েকজন সংবাদ মাধ্যমে নিজেদের অসন্তোষের কথাও জানান।
এদের মধ্যে ১৯৮১ থেকে '৮৩ সাল পর্যন্ত আওয়ামী লীগে হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন রাজ্জাক। আমু ও তোফায়েল দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন বঙ্গবন্ধুর আমল থেকেই। অভিজ্ঞ সাংসদ সুরঞ্জিত '৯০ এর দশকে আওয়ামী লীগে যোগ দিয়ে ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠেন। ১৯৯৬-২০০১ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর আমু, রাজ্জাক, তোফায়েল ও সুরঞ্জিত দলে সংস্কারের প্রস্তাব তোলায় সংবাদ মাধ্যমে তারা 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিতি পান।
তাদের ওই কার্যক্রম মন্ত্রিসভা ও কার্যনির্বাহী সংসদে তাদের স্থান না পাওয়ার পেছনে কাজ করেছে বলে মনে করা হয়। জরুরি অবস্থার সময় দলের বিভিন্ন নেতার কার্যক্রমের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা কাউন্সিলে অধিবেশনে বলেছিলেন, ক্ষমা করেছি, তবে ভুলে যাইনি।
'বঞ্চনা'র অসন্তোষ থেকে সবচেয়ে বেশি সরব হন জলিল। দলের বিগত কমিটির সাধারণ সম্পাদক জলিল গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, উপদেষ্টা পরিষদে রেখে অনেক জ্যেষ্ঠ নেতার প্রতি শেখ হাসিনা 'অন্যায়' করেছেন।
তিনি আরও বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে ফিরে দলীয় পদ ধরে রাখার জন্য সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধে যাওয়া উচিত ছিল। না যাওয়াটা আমার ভুল ছিল।"
সমঝোতা করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ঝড় তোলা এ বক্তব্যের পরদিন বার্মিংহামে স্থানীয় যুবলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হন জলিল। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে দলে।
পরে অবশ্য জলিল তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আটকাবস্থায় ডিজিএফআই'র নির্যাতনের বিচার না পাওয়ার ক্ষোভ থেকে তিনি ওই বক্তব্য দিয়েছিলেন।
জলিলের অভিযোগের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, ৩ অক্টোবরের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জলিল দুঃখ প্রকাশ করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে আওয়ামী লীগের অনেক নেতা।
সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের স
bdnews24