ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধিদলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তার সমস্ত কাজের মূল লক্ষ্য দেশের মানুষের উন্নত জীবন ও জনকল্যাণ নিশ্চিত করা। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দেশের অর্থনৈতিক ও সার্বিক উন্নয়ন করা সম্ভব বলেও তিনি মনে করেন।
স্টিফেন ফ্রোয়েনের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করলে তিনি একথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ।
বৈঠকের পর আবুল কালাম আজাদ তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের সর্বাত্মক সহায়তা ও সাহায্যের জন্য প্রধানমন্ত্রী তার নিজের, দলের এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে টেকসই করতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর তথ্য সচিব বলেন, "প্রধানমন্ত্রী এসময় বলেছেন, 'সংসদ ও সংসদীয় পদ্ধতিকে কার্যকর ও শক্তিশালী করতে আমরা বিরোধী দলকে গুরুত্ব দিই। সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী তাদের সর্বাধিক সুযোগ-সুবিধা দেওয়া হবে।"
আবুল কালাম আজাদ জানান, মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী ইউরোপীয় প্রতিনিধিদলকে বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি মানবাধিকার সংরক্ষণ ও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের 'ঘোর বিরোধী'।
সকলের আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, "মানবাধিকার লংঘনের প্রতিবাদ করার জন্যই মূলতঃ আমাকে গ্রেপ্তার করা হয়েছে।"
তথ্য সচিব জানান, প্রধানমন্ত্রী এসময় আরো বলেছেন, গণতন্ত্র ও নির্বাচিত সরকারের অভাবে দেশের কাঙ্খিত উন্নয়ন ও অগ্রগতি হয়নি। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দেশের অর্থনৈতিক ও সার্বিক উন্নয়ন করা সম্ভব।
বাংলাদেশের সামাজিক ও আর্থ-সামাজিক উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নভূক্ত সব দেশের সহযোগিতা কামনা করে শেখ হাসিনা বলেন, তার সমস্ত কাজের মূল লক্ষ্য দেশের মানুষের উন্নত জীবন ও জনকল্যাণ নিশ্চিত করা।
সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের ভোগান্তি লাঘবে পারস্পরিক আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়ারও আহবান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বৈশ্বিক উষ্ণায়নের বিপদ মোকাবেলায়ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান।
আবুল কালাম আজাদ জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির আশ্বাস দেন।
স্টিফেন ফ্রোয়েনের নেতৃত্বে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালী, স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত আটটি দেশের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ভার্সিস ম্যাথুস প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৬০৯ঘ.
bdnews24