ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি জামায়াত জোট সরকারের আমলে যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 'অনিয়ম' করে এমপিওভূক্ত (মাসিক সরকারি বেতন) করা হয়েছে সেগুলোর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বুধবার 'প্রশ্ন-উত্তর' পর্বে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
বগুড়ার সাংসদ আব্দুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী বলেন, "বিগত জোট সরকারের আমলে যদি অনিয়ম করে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভূক্তি করা হয়, তবে তদন্ত করে তা বের করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, "শুধু এমপিও'র ক্ষেত্রে নয় শিক্ষার অন্যান্য বড় বড় যেসব ক্ষেত্রে অনিয়ম হয়েছে সেগুলোর বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরো বলেন," কিছুদিন আগে (তত্ত্বাবধায়ক সরকারের সময়) জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি সংক্রান্ত অধ্যাদেশ সংশোধন হওয়া প্রয়োজন। আগামী ৩ ফেব্র"য়ারি শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
ঢাকার সাংসদ কামাল আহমেদ মজুমদারের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, "বিএনপি জামায়াত জোট সরকারের আমলে প্রায় দুই হাজার শিক্ষককে বেআইনী ভাবে চাকরিচ্যুত করার অভিযোগ রয়েছে। তাদের পুনবর্হালের বিষয়ে বিবেচনা করা হবে। ইতোমধ্যে কয়েকজনকে পুনর্বহালও করা হয়েছে।"
কিশোরগঞ্জের সাংসদ মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী জানান, দেশে বর্তমানে ২৬ হাজার ৩৩৭টি মাধ্যমিক ও তদূর্ধ্ব (কলেজ) পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত আছে। এছাড়া ১৯ হাজার ৬৮২টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং তিন হাজার ১,৬৯টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের এমপিওভূক্তি আছে।
নওগাঁর সাংসদ শহীদুজ্জামানের এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএনএ/২১৪৩ ঘ.
bdnews24