২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুটিন অধ্যাদেশ ছাড়া বাকীগুলোর বিরোধিতা করবে বিরোধী দল

সংসদে উপস্থাপিত তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে রুটিন অধ্যাদেশ ছাড়া অন্যগুলোর বিরোধিতা করবে বিএনপির নেতৃত্বে বিরোধী দল। উপজেলা অধ্যাদেশেও সমর্থন দেবে না তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে উপস্থাপিত তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে রুটিন অধ্যাদেশ ছাড়া অন্যগুলোর বিরোধিতা করবে বিএনপির নেতৃত্বে বিরোধী দল। উপজেলা অধ্যাদেশেও সমর্থন দেবে না তারা। সোমবার সংসদে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, '' আমরা সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো নিয়ে পর্যালোচনা করেছি। রুটিন অধ্যাদেশ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার আমলের কোনো অধ্যাদেশ অনুমোদনে বিরোধী দল সমর্থন দেবে না। আমরা ওই সব অধ্যাদেশ অনুমোদনের বিরোধিতা করব। কারণ রুটিন কাজ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংবিধান তাকে দেয়নি। '' রোববার সংসদে আইন মন্ত্রী উত্থাপিত ১২২টি অধ্যাদেশের মধ্যে ৪০ টি মতো অধ্যাদেশ বিরোধী দল সমর্থন করতে পারে আভাস দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন,'' আমরা অধ্যাদেশগুলো আজকের বৈঠকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পর্যালোচনা করেছি। আমাদের কাছে মনে হয়েছে, অনেক অধ্যাদেশ আছে, যা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।'' উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশটি সর্ম্পকে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন,'' সবচেয়ে বড় কথা উপজেলা পরিষদ সংসদে আইন করে করা হয়েছে। এটার সংশোধনী সংসদে হতে হবে-এটি 'এ্যাক্ট অব পার্লামেন্ট।' এই আইনের ক্ষেত্রে অধ্যাদেশ জারি বৈধ নয়। এরকম আইন অধ্যাদেশ জারি করে সংশোধনের সুযোগও নেই। তাই এটা আমরা বিরোধিতা করব।'' সংসদ ডেপুটি স্পিকারের আরেকটি পদ সৃষ্টি করলে তা বিএনপি নেবে কিনা জানতে চাইলে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন,"আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচনের আগে বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে সংসদকে কার্যকর করতে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেবেন। মাননীয় নেত্রী জানেন যে, সংসদে ডেপুটি স্পিকারের একটি পদই আছে। এখন সরকারি দল কী বলছেন ? নির্বাচনের আগে তো আওয়ামী লীগের সভানেত্রী কি জানতেন, নির্বাচনে তারা দল দুই তৃতীয়াংশ আসন পাবেন। সংবিধানিক সংশোধন করার অধিকার তাদের হবে। তাই জনগণের কাছে দেওয়া প্রতিশ্র"তি তারা রাখেননি, এটা আমাদের কিছু করার নেই।'' তিনি জানান, সংবিধান সংশোধন করে ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির সঙ্গে বিরোধী দল যুক্ত হবে না। এর আগে সকালে সংসদ ভবনে সালাউদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে বিএনপি সাংসদদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এম কে আনোয়ার, বরকত উল্লাহ বুলু, জয়নাল আবেদীন ফারুক, জাফরুল ইসলাম চৌধুরী, মজিবর রহমান সারওয়ার, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, অধ্যাপক জয়নাল আবেদীনসহ অধিকাংশ সাংসদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৪৪৩ ঘ.