ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সংসদকে দিনবদলের সংসদ অভিহিত করে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
রোববার সন্ধ্যায় নবম সংসদের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি এ আহবানের পাশাপাশি বিপুল বিজয়ের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দনও জানান।
নবম জাতীয় সংসদে অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের এটি শেষ ভাষণ। এ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বিএনপির ওয়াকআউটের পর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ অধিবেশন কক্ষে এসে পৌঁছলে স্পিকার আব্দুল হামিদ তাকে স্বাগত জানান।
ইয়াজউদ্দিন নবম সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম ঘটনা অভিহিত করে সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশবাসী, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সশ্বস্ত্র বাহিনীসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের অভিনন্দন জানান। তিনি নতুন ভোটারদেরও অভিনন্দন জানান।
তিনি বলেন, '' অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ একটি দিনবদলের সংসদ। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে তিন চতুর্থাংশের বেশি আসনে বিপুল ভোটে বিজয়ী করে নতুন সরকারের ওপর অনেক গুরু দায়িত্ব দিয়েছে জনগন। প্রয়োজনীয় আইনের সংস্কারসহ আইনের যথাযথ প্রয়োগে দেশ থেকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা পথ সুগম ও আইনের শাসন নিশ্চিত করতে বিচার বিভাগকে ইতিমধ্যে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়েছে। এই ব্যবস্থাকে সুসংহত করতে হবে।''
ভাষণের শুরুতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাকে দেশের স্বপ্ন দ্রষ্টা ও জাতির জনক ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে অভিহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, "সরকারের করণীয় দিকগুলো বিশেষ করে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উঠে এসেছে। জাতির প্রত্যাশা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দুরদর্শীতার সমন্বয়ে সুখী, সমৃদ্ধ ও যুগোপযোগী একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০১৬ ঘ.
bdnews24