ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাত অতিরিক্ত সচিবকে সচিব করাসহ প্রশাসনে বড় রদবদল করা হয়েছে।
রোববার এক সচিব, দুই অতিরিক্ত সচিবকে ওএসডি, ৮ অতিরিক্ত সচিবের দপ্তর পরিবর্তন ও ১০ যুগ্ম সচিবকে বদলি করা হয়েছে।
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে। ৬ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ১৯ দিনে মধ্যে পাঁচ সচিব, দুই অতিরিক্ত সচিবকে ওএসডি করা হয়েছে।
রোববার পদোন্নতিপ্রাপ্ত সাত সচিবের মধ্যে পাঁচজন বিভিন্ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড.মাহবুবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদ ও পিএসসি'র সচিব (অতিরিক্ত সচিব) মো. মুখলেসুর রহমানকে।
রোববার সংস্থাপন মন্ত্রণালয় পৃথক আদেশে এসব পদোন্নতি এবং রদবদল করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এএসএম আলী কবির, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের খন্দকার মো. ইসমাইল, নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুস সোবহান শিকাদার, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ওয়াহেদুন্নবী চৌধুরী, বিজ্ঞান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাজমুল হুদা খান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম রাব্বানী এবং জাতীয় সংসদের অতিরিক্ত সচিব এবিএম নুরুজ্জামান সচিব হয়েছেন।
গত সপ্তাহে অনুষ্ঠিত সুপরিয়র সিলেকশন বোর্ডের সভায় অতিরিক্ত সচিব পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়। বোর্ডের সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠনোর পর রোববার সংস্থাপন মন্ত্রণালয় থেকে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এপর্যন্ত সাবেক শিক্ষা সচিব মমতাজুল ইসলাম, স্বাস্থ্য সচিব এএমএম নাসির উদ্দিন, পাট ও বস্ত্র সচিব মো.আ. রশীদ সরকার, ভুমি সচিব আবু মো. মনিরুজ্জ্মাান, ডাক ও টেলিযোগাযাগ সচিব ড.মাহবুবুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এডি/জিএনএ/১৬৫৮ ঘ.
bdnews24