২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলে গেছে আসনগুলোও

শেখ হাসিনার মন্ত্রিসভার চমকের রেশ রয়ে গেছে সরকারি দলের সদস্যদের আসন ব্যবস্থাপনায়ও। সংসদ নেতার সারিতে নতুনদের মধ্যে আছেন আবুল আল আবদুল মুহিত, মতিয়া চৌধুরী, এ কে খন্দকার, সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ ।এরা আগে কখনোই প্রথম সারিতে বসার সুযোগ পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 11:23 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মন্ত্রিসভার চমকের রেশ রয়ে গেছে সরকারি দলের সদস্যদের আসন ব্যবস্থাপনায়ও। সংসদ নেতার সারিতে নতুনদের মধ্যে আছেন আবুল আল আবদুল মুহিত, মতিয়া চৌধুরী, এ কে খন্দকার, সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ ।এরা আগে কখনোই প্রথম সারিতে বসার সুযোগ পাননি। আসনবিন্যাস নিয়ে প্রধান হুইপ ও বিদায়ী স্পিকারের মধ্যে বিতর্কের অবসান হয়েছে। বিরোধী দল বিএনপির নয়জন সাংসদ বসেছেন বিরোধী দলের প্রথম সারিতে। বিরোধী দলের সারিতেও খালেদা জিয়া ও সালাহউদ্দিন কাদের চৌধুরী ছাড়া সবাই নতুন। এরা কেউই বিগত সংসদে প্রথম সারিতে বসেননি। সংসদ নেতার সারিতে সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ ছাড়া অনান্য জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, আব্দুল জলিল বা সুরঞ্জিত সেনগুপ্তের জায়গা হয়নি। তাদের প্রথম সারির মাঝামাঝি অবস্থানে আসন দেওয়া হয়েছে। সপ্তম ও অষ্টম সংসদে তারা শেখ হাসিনার কাছাকাছি আসনে বসতেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তৃতীয় সারিতে, টেকনোক্র্যাট কোটার আইনমন্ত্রী শফিক আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন দ্বিতীয় সারিতে বসেছেন। নতুন স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ বসেছিলেন প্রথম সারির মাঝামাঝিতে। তার পাশে বসেন দেওয়ান ফরিদ গাজী ও মন্ত্রিসভার সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী ও রাজিউদ্দিন আহমেদ রাজু এবং সাংসদ অ্যাডভোকেট রহমত আলী। বিরোধী দলের তৃতীয় সারিতে মাঝামাঝি আসন পেয়েছেন মহাজোটের রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার পাশে সালাহউদ্দিন কাদের চৌধুরী ও এম কে আনোয়ার বসেছেন। এরপরের আসনে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মজিবর রহমান সারওয়ার, বরকতউল্লাহ বুলু, অধ্যাপক জয়নাল আবেদিন (ভিপি জয়নাল), আলহাজ্ব মোশাররফ হোসেন প্রমুখ রয়েছেন। এ সারির সর্বশেষ আসনে বসেছেন বিএনপিত্যাগী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ। বিরোধী দলের দ্বিতীয় সারিতে বসেছেন চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান ও জামায়াতে ইসলামীর শামসুল ইসলাম ও হামিদুর রহমান আজাদ । বিরোধী দলের নেতার ঠিক পেছনের আসনে বসেছেন বিরোধী দলের জয়নাল আবেদীন ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/জিএনএ/১৭২০ ঘ.