ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল হামিদকে নবম জাতীয় সংসদের স্পিকার মনোনীত করেছে আওয়ামী লীগের সংসদীয় দল।
নতুন সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ সাংসদ আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী।
প্রথম সংসদ অধিবেশন শুরুর একটু আগে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি আরও বলেন, "সংসদে দ্বিতীয় ডেপুটি স্পিকার পদ সৃষ্টির জন্য সংবিধান সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধীদল বিএনপিকে দেওয়া হবে।"
জাতীয় সংসদ ভবনের নবম তলায় দুপুর সোয়া দুইটায় অনুষ্ঠিত সংসদীয় দলের দ্বিতীয় সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা হয়।
সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশনে অবশ্যই একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে।
এ সভায় আওয়ামী লীগের প্রায় সব সাংসদ উপস্থিত ছিলেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/এফএফ/এজে/জিএনএ/১৫২০ ঘ.
bdnews24