ফরিদপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় পার্টির নেতা ইমরান হোসেন চৌধুরী (৬৩) ভোটের ফলাফল দেখে যেতে পারলেন না।
নির্বাচনের দিন বৃহস্পতিবার বিকেল পৌণে তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে মারা গেছেন তিনি।
নির্বাচনের বেসরকারি ফলাফলে ইমরান হোসেন ৪১ হাজার ৭৪৮ ভোট পেয়ে হেরে গেছেন। এ উপজেলা বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. সামসুল হক। তিনি পেয়েছেন ৬০ হাজার ৯১৯ ভোট।
ইমরান হোসেন ১৯৮৫ সালে প্রথম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
উপজেলা পরিষদ নির্বাচনে রিটানিং কর্মকর্তা ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম নাসির মিয়া জানান, কোন প্রার্থীর মৃত্যুতে নির্বাচনে কোন অসুবিধা নেই।
উপজেলা নির্বাচনের ১৩ নম্বর বিধি অনুযায়ী নির্বাচন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
এদিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জয়নাল মাস্টার (৬০) নামের এক পোলিং এজেন্ট। তিনি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহানারা আরজুর পক্ষে উপজেলার জেএন মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্ট ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজবাড়ী প্রতিনিধি কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানান, ওই কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। সকাল ১০ টার দিকে তার বুকে অকস্মিক ব্যথা শুরু হলে হাসপাতলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০৪২৯ ঘ.
bdnews24