২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় শিশুপুত্রসহ মহিলা নিহত

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মধ্যপাড়া-ফুলবাড়ী সড়কের লক্ষ্মীর মোড়ে বৃহস্পতিবার বিকেলে ট্রাক চাপায় আট মাস বয়সী শিশুপুত্রসহ নিহত হয়েছেন কাজলী (২৫) নামের এক মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 09:33 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

দিনাজপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোট দিয়ে বাড়ি ফেরার পথে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মধ্যপাড়া-ফুলবাড়ী সড়কের লক্ষ্মীর মোড়ে বৃহস্পতিবার বিকেলে ট্রাক চাপায় আট মাস বয়সী শিশুপুত্রসহ নিহত হয়েছেন কাজলী (২৫) নামের এক মা। কাজলী উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দলাইকোঠা গ্রামের জয়ন্ত কুমারের স্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা একটি নির্মাণ প্রতিষ্ঠানের ট্রাকে অগ্নি সংযোগসহ ১৪টি যানবাহন ভাংচুর করেছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুল ইসলাম জানান, বিকেল ৪টায় নির্মাণ প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের একটি ট্রাকের নিচে চাপা পড়ে তারা নিহত হন। এ সময় কাজলী ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটির উত্তর শাহাজাদপুর শাল বাগান 'বেস ক্যাম্পে' হামলা চালিয়ে ১৪টি যানবাহন ভাংচুর-অগ্নি সংযোগ করে। বিক্ষুব্ধ জনতা ক্যাম্পের পাশের থাকা কয়লার স্তুপেও অগ্নি সংযোগ করে। দমকর্মীরা প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্র, নবাবগঞ্জ পুলিশ, র‌্যাব ও সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে আতিক নামে এক ব্যক্তিকে আটক করে। আব্দুল মোনেম লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটির একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১-৩৭৪৯) সম্পূর্ণ পুড়ে যায় এবং ১৪টি বিভিন্ন ধরনের যানবাহনের ক্ষতি হয়। এছাড়া ১০ টন রড ও ৫শ' পিচ জিআই শিট লুট হয়েছে বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/০২৩৬ ঘ.