মাদারীপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের চারটি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে তিনটির বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
রাজৈর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত আল আমিন মোল্লা ৩৯ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা সামসুল হক মোল্লা পেয়েছেন ৩৪ হাজার ২০৬ ভোট।
এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ধীরেন্দ্র নাথ বারুরি। তিনি ২৪ হাজার ৭২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শান্তি দাস পেয়েছেন ১৯ হাজার ৭০৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৮ হাজার ৬২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন পল্লবী।
কালকিনি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মীর গোলাম ফারুক ৪৩ হাজার ৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একইদলের তোৗফিকুজ্জামান শাহীন পেয়েছেন ৩৬ হাজার ৪০৬ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কাজী মাহমুদুল হাসান দোদুল। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শামীমা বেগম।
শিবচর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. রেজাউল করিম তালুকদার। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা নাজমুল হুদা চৌধুরি পেয়েছেন ১৩ হাজার ৭৫৮ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শামসুদ্দিন খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ফাহিমা আক্তার।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/০২১৭ ঘ.
bdnews24