বরিশাল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে তিনটি উপজেলায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে দুটিতে আওয়ামী লীগ এবং একটিতে বিএনপি নেতা জয়ী হয়েছেন। অন্য সাতটি উপজেলার ফলাফল এখানো পাওয়া যায়নি।
বাবুগঞ্জ উপজেলায় বিএনপি নেতা সুলতান আহমেদ খান (আনারস) ১৯ হাজার ৬০২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সর্দার মোঃ খালেদ হোসেন স্বপন (দোয়াত কলম) পেয়েছেন ১৫ হাজার ৯২৮। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আজিজুর রহমান অলিদ। তিনি পেয়েছেন ১৭ হাজার ৯৯০ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ নেতা বজলুর রহমান পেয়েছেন ১৪ হাজার ৯০২ ভোট।
গৌরনদী উপজেলায় আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম খান ছাতা প্রতীকে ৪০ হজার ১১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র লোকমান হোসেন খান আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬১৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান (ফুটবল) ৩৪ হাজার ৭০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র গোলাম হোসেন সর্দার (বই) পেয়েছেন ১৭ হাজার ১২৩ ভোট।
আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগের গোলাম মর্তূজা খান (রিক্সা) ২৪ হাজার ৫৭৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী নেতা রমেশ চন্দ্র দাস (টেলিফোন) পেয়েছেন ১৫ হাজার ২৬৮ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/০১৫৫ ঘ.
bdnews24