ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ব্যালট ছিনতাই, জাল ভোট, প্রিসাইডিং কর্মকর্তাদের মারধর করার খবর পাওয়া গেছে। হামলা-সংঘর্ষে দেড় শতাধিক লোক আহত হয়েছে। বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছে কমপক্ষে ৫০ জনকে।
(আরও তথ্যসহ-১)
বৃহস্পতিবার সকাল ৮ টায় সারা দেশের ৪৭৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটদানে বাধা, সংঘর্ষ, অনিয়মের কারণে দুপুর সাড়ে ১২ পর্যন্ত সিরাগঞ্জের বেলকুচি, কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা র্নিবাচন স্থগিত করা হয়েছে। ৪৮১টি উপজেলার মধ্যে গত ১৫ জানুয়ারি স্থগিত করা হয় খাগড়াছড়ির দীঘিনালা, বুধবার কক্সবাজারের উখিয়া উপজেলার নির্বাচন।
এছাড়া ঢাকার কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জের গজারিয়ায়, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলাসহ বিভিন্ন জেলার বেশ কিছু কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও প্রশাসনের কমকর্তাদের উদ্ধৃতি দিয়ে মুন্সীগঞ্জ থেকে প্রদীপ চৌধুরীসহ জেলা প্রতিনিধিদের পাঠানে খবর:
মুন্সীগঞ্জ: জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক প্রার্থীর পোলিং এজেন্ট ব্যালটবাক্স লাথি দিয়ে ভেঙে ফেলে বাক্সে থাকা সিল মারা ব্যালট পেপার নিয়ে পালিয়ে যায়। এরপর ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারও পালিয়ে যায়। দুপুরে ওই ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মো. জুয়েল নামের নবম শ্রেণীর এক ছাত্রকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবারসহ আটক করেছে পুলিশ। মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোরপুকুরপাড় এলাকার পঞ্চসার জুনিয়র স্কুল কেন্দ্রে সকাল সোয়া ১১টার দিকে দু প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
নোয়াখালী: কোম্পানিগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় উভয় পক্ষের অন্তত ৫০জন নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে ২০ জনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলযোগের কারণে নোয়াখালী সদর উপজেলার রতনপুর কেন্দ্রে গোলযোগকে কেন্দ্র করে বেলা সাড়ে ১০টা থেকে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আবার ভোট গ্রহণ শুরুর পরপরই ভোটকেন্দ্রের আশেপাশে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ১০টার দিকে একদল সন্ত্রাসী ঢুকে কেন্দ্র থেকে শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এরপরই সাড়ে ১০টার দিকে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চারদলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাসলিমা আক্তার লিপি দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
কেরানীগঞ্জ: উপজেলার নতুন বাক্তারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০ টার দিকে রিকশা মার্কার পোলিং এজেন্ট ৭৭টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ফেলে দিলে কেন্দ্রটিতে ২৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। এ সময় আটক সুরুজ জামান (৪২), শহীদুল ইসলাম (৪৫), মুল্লুক চাঁন (৫০), আবু তালেব (৫০) এবং মোসলেমকে (৩৫)। তিন বছর করে কারাদণ্ড এবং চার হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
কক্সবাজার: জেলার চকরিয়া উপজেলার কাকারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখেন।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলার বিভিন্ন কেন্দ্রের সংঘর্ষ, বোমাবাজি এবং ব্যালট ছিনতাইয়ের ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়। হামলায় উপজেলার নাটাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এম কে মাসুদ আহত হন।
পাবনা: বিভিন্ন উপজেলায় ভোট কেন্দ্রে সংঘর্ষে পুলিশসহ ২৭জন আহত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার চক ছাতিয়ানী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঁচজন, কিসমত প্রতাপুর কেন্দ্রে পাঁচজন, বেড়া উপজেলার চরভবানী কেন্দ্রের বেড়া থানার ওসি মনিরুজ্জামান, উপ-পরিদর্শক আশরাফুল, কনস্টেবল আজমসহ ১৫ জন এবং চাটমোহর উপজেলার বোথর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ কারণে কেন্দ্রটিতে আধ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পাবনা সদর উপজেলার অন্তত ১০টি কেন্দ্রে জোরপূর্বক ভোট দেওয়ার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী।
খুলনা: জাল ভোট দেওয়ার অভিযোগে কয়রা উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রহিমকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান।
পটুয়াখালী: মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের ভোটদানে বাধা ও একটি প্রতীকে ভোট দিতে প্রলুব্ধ করায় পোলিং এজেন্ট হাবিবুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচশ' টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এছাড়া রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরও তিনজনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। সদর উপজেলার শহীদ স্মৃতি বিদ্যানিকেতনে অন্যান্য পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শনের অপরাধে পবিত্র কুমারকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় এই কেন্দ্রে প্রায় এক ঘন্টা ভোট গ্রহন বন্ধ থাকে। কলাপাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের হুমকী দেয়ার অপরাধে সোহেল মোল্লা (২৩) নামে এক যুবককে এক বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। একই উপজেলায় অনুমোদনবিহী মোটর সাইকেল চালানোর অপরাধে হাবিবুর রহমান (৪২) নামে একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রনজিৎ কুমার। একই অপরাধে খলিলুর রহমান নামে আরেকজনকে আটক করা হয়। বাউফল উপজেলার জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একদল যুবক বিচ্ছৃংখলা সৃষ্টি করলে বেলা ১১টা থেকে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
বরিশাল: মেহেন্দীগঞ্জ উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহেব হোসেনের নেতা-কর্মীরা প্রভাব সৃষ্টি করে কেন্দ্র দখল করে নিতে চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয়রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ ঘটনায় কেন্দ্রে এক ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে বলে জানান বরিশালের পুলিশ সুপার তৌফিক মাহবুব চৌধুরী। এছাড়া উপজেলার জুরিরচর খাজুরিয়া ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাক্সমার কারণে একঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. নুরুল আমিন জানিয়েছেন।
সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলায় নির্বাচন স্থগিত করার ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী ও সমর্থকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ উপজেলা চত্বর ঘেরাওসহ কয়েকটি স্থানে ভাঙচুর চালায়। তারা জাতিসংঘ পর্যবেক্ষক দলের একটি গাড়িও ভাঙচুর করে। ভাঙচুরের খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: হুমায়ন কবির ও পুলিশ সুপার মো. আলমগীর রহমার বেলকুচি উপজেলা নির্বাহী অফিসে গেলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের তাদের অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে বেলকুচি থানার সহকারী দারোগা আশরাফ এবং কনস্টেবল সোহেল আহত হন।
রাজশাহী: পুঠিয়া উপজেলার হাতিনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- উপজেলার বিড়ালদহ গ্রামের শামীম, কালু মিয়া, আবুল কালাম, আব্দুর রহমান, তুহিন, আসরাত ও জয়নাল। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান মণ্ডল এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী সারোয়ার হোসেনে পক্ষে ব্যালট কেড়ে নিয়ে সিল মেলে বাক্সে ঢুকাতে গেলে তাদের আটক করা হয়। বর্তমানে তারা পুঠিয়া থানা হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন উপ-পরিদর্শক কণা। পবা উপজেলা মাছকাটা দিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন প্রার্থীর পোলিং এজেন্টকে দিয়ে ব্যালট ভাঁজ ও বাক্সে ঢুকানোর অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মতিনকে প্রত্যাহার করা হয়।
বাগেরহাট: বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় জেলার বিভিন্ন স্থানে অন্তত আট জন আহত হয়েছেন। এরা হলেন- কচুয়া উপজেলার বয়ারসিংগা গ্রামের এনায়েত হোসেন, চন্দ্রপাড়া গ্রামের ইমান পাইক, সম্মানকাঠি গ্রামের সিদ্দিকুর রহমান, রামপালের গৌরম্ভা গ্রামের বাবুল ও কবীর, মোরেলগঞ্জের জিউধরা গ্রামের কায়ুম সরদার ও ওয়াজেদ আলী। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় বিএনপি প্রার্থীদের এ সমর্থকরা আহত হন। রামপালে প্রকাশ্যে ভোট দেওয়ার চেষ্টা করায় আটক করা হয়েছে সরদার মুর্শীদ (৫০) নামে এক ভোটারকে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। দায়িত্বে অবহেলার কারণে কচুয়া উপজেলার পিংগুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়।
বরগুনা: পাথরঘাটা ও সদর উপজেলায় সংঘর্ষে ১০জন আহত হয়েছে। এরা হলেন- পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের রুস্তুম আলী (৪৫), সুলতান আহম্মেদ (৩৫), আবদুল কাদের (৫০), ইব্রাহিম খলিল (২৭), জাহাঙ্গীর হোসেন (৩৫), ছেন্টু মিয়া (৪০), সিরাজ উদ্দিন (৪০), সোহাগ (২৫) ও বরগুনার জাকিরতবক গ্রামের আল আমিন (১৭) ও সোহাগ (১৮)। পুলিশের পক্ষপাতিত্ব ও বহিরাগত মাস্তানদের উৎপাতের অভিযোগ এনে বরগুনার আমতলী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ সাজু সংবাদ সম্মেলন করে বলেছেন- তিনি বিজয়ী হলেও ফলাফল মানবেন না।
গাইবান্ধা: সাঘাটা উপজেলার ফলিয়াদিগর দাখিল মাদ্রাসা ও ধনারূহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাদের প্রভাবিত করার অভিযোগে দুজনকে ছয়মাস করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেয়ো হয়েছে। এরা হলেন যথাক্রমে- তৌফিকুর রহমান তুহিন ও মমিনুল ইসলাম। গোবিন্দগঞ্জ উপজেলার চকবামনকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারকে প্রভাবিত, প্রিসাইডিং অফিসার ও পুলিশকে হুমকি দেওয়ার দায়ে গোবিন্দগঞ্জ মহিলা কলেজের প্রভাষক ফিরোজ খান নুনকে (৩৫) গ্রেপ্তার হয়। ভোট কেন্দ্রে বিশৃংখলা ও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে ফুলছড়ি উপজেলার দেলুয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ও সাঘাটা উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল।
নওগাঁ: রানীনগর উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মাকসুদুর রহমান, প্রার্থীর পোলিং এজেন্ট আব্দুল মান্নান ও গোলাম মোস্তফাকে আটক করেছে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী আচরন বিধি লংঘন, কেন্দ্রে বিশৃংঙ্খলা সৃষ্টি, কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে হুমকি এবং ভোটারদেরকে প্রভাবিত করার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ: নান্দাইলে ব্যালট পেপারসহ পাঁচটি বাক্স ছিনতাইয়ের ঘটনায় আব্দুল মন্নাস নামে এক আওয়ামী লীগ নেতাকে তাৎক্ষণিক বিচারে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। আহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রেণুর নেতৃত্বে দু'টি ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় প্রিসাইডিং অফিসার সিরাজউদ্দিনকে মারধর করা হয়। ধরুয়া ডিএস দাখিল মাদ্রাসা কেন্দ্রে চাকার সমর্থকরা দু'দফা ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়। এ তিনটি কেন্দ্রের কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে। তসরা সরকারি প্রাথমিক কেন্দ্রে শরিয়তউল্লাহ, আব্দুল মালেক ও খুররম নামে তিনজনকে মারধর করা হয়। গফরগাঁও উপজেলায় আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা রাম দা, বল্লম ও লাঠিসোটা নিয়ে নামালংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও এক রাউন্ড গুলিবর্ষণ করে। তবে কেউ হতাহত হয়নি। গোলযোগের কারণে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। গৌরিপুর উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর একটার দিকে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মুক্তাগাছা উপজেলার সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতিতে তিনজন আহত হয়।
জামালপুর: সরিষাবাড়ি ও মাদারগঞ্জে কেন্দ্র দখল করে সিল মারার ঘটনা ঘটে। সরিষাবাড়ির ১৬ কেন্দ্রের নির্বাচন স্থগিত দাবি এবং মাদারগঞ্জের নির্বাচন স্থগিতের দাবিতে উপজেলা নির্বাহী কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে ৩ প্রার্থীর সমর্থকরা। মাদারগঞ্জের চর নাংলা কেন্দ্রে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। একঘন্টা পর তা উদ্ধার হয়।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। রায়পুর উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বেল্লাল হোসেন বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে ৪০টি কেন্দ্রের ফলাফল স্থগিত করার দাবি জানান। অন্যথায় তিনি নির্বাচন বয়কট করার হুমকি দেন। একই উপজেলার জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম ইতোমধ্যে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইাহাজার উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের মারুয়াদি স্কুল কেন্দ্রে আ. লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়ার পক্ষে ব্যালটে সিল মেরে বাক্সে ঢোকানোর সময় গ্রেপ্তার হয়েছেন ওই কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অজুফা আক্তার, এবং পোলিং কর্মকর্তা মকবুল হোসেন ও ইকবাল হোসেন। তাদের কাছ থেকে শাহজালালের চাকা প্রতীকে সিল মারা ৯০টি ব্যালট পেপার জব্দ করেছে পুলিশ।
শরীয়তপুর: গোসাাইরহাট উপজেলায় নাগের পাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আ. লীগ সমর্থিত প্রার্থী ফজলুল রহমান ঢালীর সমর্থকদের হামলায় পুলিশ কনস্টেবল মুরাদ আহমেদ, শাহজাহান দেওয়ান ও কিশোর আহমেদ আহত হন। ঘটনার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি কে এম রায়হান কবির, একুশে টিভির আবুল বাশার, নয়াদিগন্তের মো. বোরহানুদ্দিন রব্বানি, ভোরের ডাকের এম হারুনর রশীদ, বৈশাখী টেলিভিশনের মাহবুবুর রহমান এবং আমাদের সময়ের এবিএম মামুনকে অবরুদ্ধ করে রাখা হয়। পুলিশ ও সেনা সদস্যরা তাদে উদ্ধার করে। এ ঘটনায় নাগের পাড়া ইউনিয়ন আ. লীগ সাধারণ সম্পাদক বাছির আকন এবং ফজলুল রহমান ঢালীর সমর্থক মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর: নালিতাবাড়ী উপজেলায় বিডিআরের লাঠিপেটায় সাংবাদিকসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের চর শেরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। একই ইউনিয়নের সাতানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার ৫ মিনিট আগে চেয়ারম্যান প্রার্থী মো. ছানুয়ার হোসেন ছানুর সমর্থকরা প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করে ব্যালট পেপার ছিনিয়ে নিলে ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়। সকাল সোয়া ৯টার দিকে কামারের চর ইউনিয়নের ডোবার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও চেয়ারম্যান প্রার্থী ছানুর সমর্থকরা ব্যালট পেপার ছিনিয়ে নিলে ভোট গ্রহণ বন্ধ হয়। পরে ব্যালট পেপার ফিরিয়ে দিলে ভোট গ্রহণ আবার শুরু হয়। কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার পর ওই কেন্দ্রের সব ভোট বাতিল করা হয়।
ফেনী: সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধ্যম হকদি উচ্চ বিদ্যালয় ও ফাজিলপুর জিন্নাহ হাই স্কুল কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। জিন্নাহ হাই স্কুল কেন্দ্রে পোলিং কর্মকর্তা ও উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মফিজুল হককে সকালে একদল সন্ত্রাসী মারধর করে। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জোবায়ের ও তারেক নামে দু'জনকে আটক করে তারা। এছাড়া গোলযোগের কারণে সকালে নৈরাজপুর বিদ্যালয় কেন্দ্রে ২৭১টি ভোট বাতিল করা হয়।
রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পোদ্দার পাড়া হাই স্কুল কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আতাউল ইসলাম এক ভাইস চেয়ারম্যানের পক্ষে ভোট দেওয়ার জন্য এক মহিলা ভোটারকে অনুরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রতিপক্ষের সমর্থকরা ওই কর্মকর্তাকে লাঞ্ছিত করে। এ সময় জনতার ধাওয়া পাল্টা ধাওয়ায় পাঁচজন আহত হন। পুলিশ আতাউল ইসলাম নামের ওই কর্মকর্তাকে আটক করে। মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ভোট কেন্দ্রে আ. লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এবং জাপা সমর্থিত পারভেজের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মাহবুব নামে এক যুবককে আটক করেছে।
মাদারীপুর: রাজৈর উপজেলার বদরপাশা কেন্দ্রে সকাল ১১টায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে ওই পরবর্তী এক ঘন্টা কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোটগ্রহণ শুরু হয়।
কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের প্রান্তিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর লোকজন জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার অভিযোগে প্রায় এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্র থেকে আটক করা হয় শিবলী সাদিক, আব্দুল হালিম, আনোয়ার কবির তুষার, রফিকুল ইসলাম ও সোহাগ নামে পাঁচজনকে।
চাঁদপুর: ফরিদগঞ্জ উপজেলায় ভোটগ্রহনের সময় বালিথুবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের দু'প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুপুর ১টায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুইটি কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ স্থগিত ছিল। ধাওয়া পাল্টা ধাওয়ায় এক আনসার সদস্য আহত হন। তার নাম জানা যায়নি।
কুমিল্লা: মুরাদনগর উপজেলার মুরাদনগন উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর, কাঠালিয়াকান্দি, কামাল্লা, নিয়ামতপুর, আকবপুর, আন্দিকোট, কোম্পানিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রগুলো ভোটগ্রহণ বন্ধ থাকে। মুরাগনগরের সাবেক আওয়ামী লীগ সাংসদ জাহাঙ্গীর আলম রামচন্দর্পুর কেন্দ্রে গিয়ে বিপক্ষের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়। এ ঘটনার পর এলাকাবাসী তাকে ঘেরাও করলে সে শর্টগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গাজীপুর: ভয়ভীতি প্রদর্শন, ব্যালট পেপার ছিনতাই এবং জোর করে ব্যালট বাক্সে ব্যালট পেপার ঢুকানোর ঘটনায় কালীগঞ্জ উপজেলার টুমুলিয়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুর্বাটি আলিয়া মাদ্রাসা, মসলিন কটন মিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। দুপুরে প্রায় হাজার খানেক জনগণ ভোট স্থগিতের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। টুমুলিয়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে র্যাব সদস্যরা লাঠি চার্জ করে। এ সময় সাত-আট জন আহত হন।
ভোলা: সদরের চর সামাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারতে থাকা অবস্থায় ভোলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার ক্ষিতিশ দাসকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে সিল মারতে সাহায্য করার অভিযোগে ওই কেন্দ্রের সহকারী প্রিজাউডিং অফিসার ও পোলিং অফিসার রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে ওই কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপস্থিত হরে রাজনৈতিক চাপে ক্ষিতিশ দাসকে ছেড়ে দেওয়া হয়।
চরফ্যাশন উপজেলার চর ফকিরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারতে সাহায্য করায় সহকারী প্রিজাইডিং অফিসার মো. ফরিদকে গ্রেপ্তার করা হয়। লালমোহন উপজেলার চর উমেদ এলাকায় বাংলাবাজার এলাকায় ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল কালাম ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের (আওয়ামী লীগ) কর্মীরা। দৌলতখান উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান র্প্রার্থী নুরুদ্দিন খান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সকাল ১০টায় বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্ট প্রত্যাহার করে নেন।
সাতক্ষীরা: কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার একটি কেন্দ্রে ভোট দিয়ে ব্যালট নিয়ে আসার চেষ্টা করলে আব্দুল গফুর নামে এক ব্যক্তি গ্রেপ্তার কর হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিবি/জিএমএ/এমডি/এফএফ/জিএনএ/কিউএইচ/ডিডি/ এমএসবি/২১১০ ঘ.
bdnews24