ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।
দলটি দাবি করেছে, এসব 'বিচ্ছিন্ন ঘটনা'; নির্দলীয় নির্বাচনে দলীয় হাঙ্গামার প্রশ্ন ওঠে না।
দলটির মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৃস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সহিংসতার ঘটনাগুলোকে 'বিচ্ছিন্ন ঘটনা' আখ্যায়িত করে সৈয়দ আশরাফ বলেন, "সারাদেশে বড় ধরনের সহিংসতার কোনো খবর আমরা পাইনি। এসব 'বিচ্ছিন্ন ঘটনা' নির্বাচনকে প্রভাবিত করতে পারেনি।"
বিভিন্ন জায়গায় সহিংসতা ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের জড়িত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা এ ধরনের কোনও ঘটনার সত্যতা এখনো পাইনি। যেহেতু নির্বাচন দলীয়ভাবে হয়নি তাই এখানে দলীয় হাঙ্গামার প্রশ্ন ওঠে না।"
আওয়ামী লীগ মুখপাত্র বলেন, "স্থানীয় নির্বাচনে গোষ্ঠী, পাড়া, আত্মীয়-স্বজন, পরিবারের মধ্যে দ্বন্দ্ব থেকে সহিংসতা হতে পারে।
"এই নির্বাচন দলগত নয়। এখানে আমরা প্রার্থী দেইনি, তবে আমাদের (আওয়ামী লীগ) সমর্থিত প্রার্থী ছিল। আমাদের দলীয় মন্ত্রী সাংসদরাও নির্বাচনী প্রচারণায় যাননি।"
নির্দলীয় স্থানীয় নির্বাচনের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, "উন্নত বিশ্বে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হয়ে থাকে। ইংল্যান্ড, আমেরিকার মতো দেশে জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে ভোট বেশি পড়ে এবং মানুষের আগ্রহ বেশি থাকে।"
দলীয়ভাবে নির্বাচন হলে 'বিচ্ছিন্ন ঘটনাগুলো' ঘটতো না- মন্তব্য করে তিনি বলেন, "সাবেক তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান নির্বাচন কমিশন নির্দলীয় উপজেলা নির্বাচন করতে চেয়েছে। রাজনৈতিক দলগুলো দলীয়ভাবে নির্বাচন করতে না পারলে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। দলীয়ভাবে নির্বাচন হলে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলোও ঘটতো না।"
স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করা যায় কিনা- এ ব্যাপারে ভবিষ্যতে জাতীয় সংসদে আলোচনা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।
এদিকে, সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে গণমাধ্যমে নির্বাচন কমিশনারের মন্তব্য প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "কোন কমিশনার কি বললেন সে বিষয়ে সঠিকভাবে না জেনে এখনই কোনো মন্তব্য করতে চাই না।"
তার দাবি, সারাদেশের উপজেলার প্রায় সবগুলোতেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এর মধ্যে বিভিন্ন কারণে ৬টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে ও ৮টি উপজেলার ১৩টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, "সাধারণ নির্বাচনের চেয়ে এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম। তবে ভোট পড়ার হার উল্লেখযোগ্য।"
ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, "শীতের কারণে অনেক ভোটার আসেনি। আর মাত্র কয়েকদিন আগে একটি জাতীয় নির্বাচন হওয়ায় আমাদের কর্মী ও ভোটাররাও ক্লান্ত।"
নির্বাচনকে সফল করতে সরকার সর্বাত্মকভাবে নির্বাচন কমিশনকে সাহায্য করেছে বলেও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল
bdnews24