২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সংঘর্ষ, ব্যালট পুড়িয়েছে আ.লীগ কর্মীরা

উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতার প্রার্থিতা বাতিলের জের ধরে কক্সবাজারে ব্যালটবাক্স ভাঙচুর ও ব্যালট পুড়িয়ে দিয়েছে দলটির কর্মী-সমর্থকরা। বুধবার দুপুরে উখিয়া উপজেলায় এ সংঘর্ষ শুরু হয়।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

কক্সবাজার, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতার প্রার্থিতা বাতিলের জের ধরে কক্সবাজারে ব্যালটবাক্স ভাঙচুর ও ব্যালট পুড়িয়ে দিয়েছে দলটির কর্মী-সমর্থকরা। বুধবার দুপুরে উখিয়া উপজেলায় এ সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের ওই বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা উখিয়া স্টেশন এলাকায় কয়েকঘন্টা ধরে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ, বিডিআর ও আনসার সদস্যদের সংঘর্ষে অন্তত ৫৪ জন আহত হয়েছে। এর মধ্যে অন্তত চারজন গুলিবিদ্ধ হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে সন্ধ্যায় এক বৈঠক চলাকালে প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। সংঘর্ষের সময় কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৫টার পরও আওয়ামী লীগের কয়েক হাজার কর্মী-সমর্থক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। পরিস্থিতি সামাল দিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিকেলে উখিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঋণ খেলাপের অভিযোগের সূত্রে ইসি উপজেলা চেয়ারম্যান পদে উখিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরীর প্রার্থিতা মঙ্গলবার বাতিল করে। তিনি বলেন, হামিদুল হকের সমর্থকরা এর প্রতিবাদে বুধবার দুপুর সোয়া ২টার দিকে উখিয়া স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কয়েকটি দোকান ও সী লাইন পরিবহনের একটি বাস ভাঙচুর করে। ওই সময় নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি জিপগাড়ি থাইনকালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার সময় বিক্ষোভকারীরা আটটি ব্যালটবাক্স ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। তারা ২৮টি ব্যালট বই ও ৭টি ব্যালট পেপারও নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা থাইনখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও কুতুপালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে মারধর করে। পুলিশ, বিডিআর ও আনসার বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এর পর বিকাল সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ভবন ঘেরাওয়ের চেষ্টা করলে বিডিআর ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে। ওসি গুলি বর্ষণের কথা স্বীকার করে জানান, সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আখতার (২২) ও মোহাম্মদ আলীকে (৩৫) উখিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং শাহাবুদ্দিন নামে অন্য একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনের নাম জানা যায়নি। আহতদের মধ্যে পুলিশের উপ পরিদর্শক নুরুন্নবী, কনস্টেবল হেদায়েত উল্লাহ ও জহিরুল ইসলাম এবং প্রার্থী হামিদুল হকের স্ত্রী নিগার সুলতানাও রয়েছেন। এ ছাড়া তিনজন মহিলা আনসার সদস্যও আহত হয়েছেন। তবে ওসি তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রার্থী হামিদুল হক নিজে ঘটনাস্থল পরিদর্শন করতে এসে অজ্ঞান হয়ে যান। উখিয়া উপজেলা হাসপাতালে নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসকের ভাষ্য, উত্তেজনার কারণেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। বিকেল ৫টায় পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল জানান, হামিদুল হকের কর্মী-সমর্থকরা তখন প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। পরিস্থিতি সামাল দিতে বিকেল ৫টার দিকে উখিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের ফাঁকে জেলা প্রশাসক মঞ্জুর আলম ভূঞা সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে, কোন অবস্থাতেই হামিদুল হক চৌধুরীর প্রার্থিতা বৈধ করার সুযোগ নেই। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাস্তায় যারা অবস্থান নিয়েছেন তাদের সরিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের অনুরোধ করা হয়। জেলা প্রশাসক বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।" পুলিশ সুপার মতিউর রহমান শেখও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও বৈঠকে আরো উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আহমদ সিদ্দিকী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল চৌধুরীসহ আরও কয়েকজন নেতা। ঋণ খেলাপের অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা রিটার্নিং কর্মকর্তা গত মঙ্গলবার হামিদুল হক চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/এসকে/১৯৩৭ঘ.