২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের দুই সাংসদের বিরুদ্ধে উপজেলা নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণা এবং আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের দুই সাংসদের বিরুদ্ধে উপজেলা নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণা এবং আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া দলের স্থানীয় সাংসদ লুৎফুল হাই সাচ্চুর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। কসবা এলাকার সাংসদ শাহ আলমের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী এবি সিদ্দিক। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেন তানভীর ভূঁইয়া। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সাংসদ লুৎফুল হাই সাচ্চু অপর প্রার্থী সফিকুল আলমের (আনারস প্রতীক) পক্ষে নির্বচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। একই সঙ্গে সফিকুলের পক্ষে যারা কাজ করছেন না দলের সেসব নেতাকর্মীদের বহিষ্কার করার হুমকি দিচ্ছেন। এছাড়া বিভিন্ন কেন্দ্রে সাংসদ তার প্রভাব খাটানোর অপতৎপরতা চালাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। তানভীর ভূঁইয়ার অভিযোগ, সফিকুল আলমও কালো টাকা ছড়িয়ে নানাভাবে নির্র্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। তিনি নির্বাচন কমিশনে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান। তবে লুৎফুল হাই এ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে আচরণ বিধি লঙ্ঘন হয়- এটা আমি মনে করি না।" প্রার্থী সফিকুল আলম বলেন, "নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের এ অভিযোগ ভিত্তিহীন।" সোমবার কসবা উপজেলার বাদুইর বাজারে নির্বাচনী প্রচারণার সময় চেয়ার‌্যমান প্রার্থী এবি সিদ্দিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সাংসদ শাহ আলম অপর প্রার্থী রুহুল আমীন বকুলের নির্বাচনী সভা-সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে আজ (সোমবার) লিখিত অভিযোগ করবেন বলেও জানান। তবে এ অভিযোগ অস্বীকার করে সাংসদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রার্থীর পক্ষে বক্তব্য রাখলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হওয়ার কথা নয়।" রোববার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন উপজেলা নির্বাচনের প্রচারণায় প্রভাব না খাটানো এবং 'সংযত' আচরণ করার জন্য সাংসদদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, "সাংসদদের উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ায় আইনগত কোনো বাধা না থাকলেও আমরা আশা করব, তারা কোনো ধরনের প্রভাব না খাটিয়ে সংযত আচরণ করবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.