ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিচারকের অভাবে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু ভবনে ১৯৮৯ সালে চালানো বোমা হামলা মামলার বিচার র্কার্যক্রমে অচলাবস্থা চলছে।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. ইসরাইল হোসেনকে বদলি করার ১৫ দিন পরও নতুন বিচারক নিয়োগ না হওয়ায় সোমবারও রাজনৈতিক স্পর্শকাতর এ মামলার নির্ধারিত যুক্তিতর্ক হয়নি।
এর ফলে বিচারক বদলির পর এ মামলার যুক্তিতর্কের তিনটি নির্ধারিত তারিখই কোন প্রকার কার্যক্রম ছাড়া শেষ হল।
দ্রুত বিচার ট্রাইবুনাল আইন অনুযায়ী সর্বোচ্চ ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলার বিচার শেষ করতে হয়।
২০০৮ সালের ৭ মে এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের বাদিসহ মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শুরুর মধ্য দিয়ে ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার শুরু হয়।
এর আগে সে বছরেরই ৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আসামীদের আত্মপক্ষ সমর্থনের জন্য দুইটি তারিখ এবং যুক্তিতর্ক গ্রহণের জন্য আরো পাঁচটি তারিখ ধার্য করা হয়েছিল।
নির্ধারিত ১৩৫ কর্মদিবসের শেষ পর্যায়ে রায়ের পূর্ব মুহূর্তে বিচারকের অভাবে মামলাটি আগের সাধারণ দায়রা জজ আদালতে ফিরে যেতে পারে বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দ্রুত বিচার আদালতটির বিশেষ পাবলিক প্রসিকিউটর শাহীন আহমেদ খান।
ঘটনার পর দায়ের করা মামলায় বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ১৯৮৯ সালের ১৯ আগস্ট রাতে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা বেবীট্যাক্সি যোগে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে এসে ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়।
এ সময় ঐ ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা।
মামলায় আরো বলা হয়, পালানোর সময় ঐ দুস্কৃতকারীরা "কর্নেল ফারুক জিন্দাবাদ" ধ্বনি তোলে।
এ মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলে স্বীকারোক্তিতে তারা জানায়, কর্নেল ফারুক ও রশিদের নির্দেশে তারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঐ হামলা চালায় ।
মামলার আসামী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক রহমান, মেজর (অবসরপ্রাপ্ত) বজলুল হুদা, জজমিয়া, গোলাম সারওয়ার, ফ্রীডম সোহেল, শাজাহান কারাগারে।
অন্যদিকে মিজানুর রহমান, হুমায়ুন কবির, খন্দকার আমিরুল ইসলাম ও গাজী ইমাম জামিনে এবং লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) খন্দকার আব্দুর রশিদ, জব্বার আহমেদ, নাজমুল মাকসুদ, রেজাউল করিম খান ও মো. হুমায়ুন কবির পলাতক রয়েছেন।
নিরাপত্তাজনিত কারণে মামলাটির বিচারকাজ চলছিল কেন্দ্রীয় কারাগার সংলগ্ন নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসকে/১৭২৪ঘ.
bdnews24