গোপালগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাচনের প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে মুকসুদপুরকে একটি আধুনিক উপজেলা করার অঙ্গীকার করেছেন।
তারা নির্বাচিত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার উন্নয়নসহ দুর্নীতি মুক্ত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকারও করেন।
বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর অন্বেষা সিনেমা হলে উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে হল ভর্তি নারী-পুরুষ তাদের আগামী দিনের নেতাদের কাছে এলাকার উন্নয়নসহ নানা প্রতিশ্র"তি বা করণীয় বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থীরা একে একে সেসব প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি মুকসুদপুর উপজেলা ইউনিট আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান প্রার্থী মুন্সী আতিয়ার রহমান, হরপ্রসাদ, কাজী ফজলুর রশীদ, হাবিবজান মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহির হাসান টিটো, আশরাফুল আলম শিমুল, মো. জিন্না শেখ এবং মহিলা ভাইস চেয়ারম্যন প্রার্থী রেঞ্জু বেগম, তাপসী বিশ্বাস ও পারভিন বেগম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সাংবাদিক সমিতির মুকসুদপুর ইউনিটের সভাপতি মো. সহিদুল ইসলাম বেলায়েত। উপস্থাপনায় ছিলেন সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৪ ঘ.
bdnews24