ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মানির রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকে বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
রাষ্ট্রদূত সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান এবং প্রায় একঘণ্টা সেখানে অবস্থান করেন।
বিএনপির সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার আলোচনা হয়েছে। বাংলাদেশ-জার্মানি আন্তঃবাণিজ্য, সংসদের কার্যক্রম ও জ্বালানি খাত নিয়েও কথা হয়েছে।
মেইকে জানান, ফেব্র"য়ারি মাসে জার্মানির একটি সংসদীয় দল ঢকায় আসবে। এ বিষয়টি নিয়েও খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে।
শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ-জার্মানির সম্পর্ক বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি এবং গাজীপুরে একটি টেক্সটাইল কারখানা নির্মাণে জার্মান বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। এছড়া সৌরশক্তি ব্যবহারে জার্মান সরকারের পক্ষ থেকে সহযোগিতার আগ্রহ দেখিয়েছেন রাষ্ট্রদূত।"
সাবেক সচিব আরও বলেন, "বিএনপি চেয়ারপারসন গাজায় ইসরাইলি হামলার ব্যাপারে জার্মানির রাষ্ট্রদূতের কাছে নিন্দা জানিয়েছেন। রাষ্ট্রদূতকে তিনি বলেন, এ ধরনে নগ্ন হামলার পরও পাশ্চাত্যের নিরবতায় বাংলাদেশ হতাশ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/২১৩৫ ঘ.
bdnews24