২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি হয়ে মরতে চাই: এরশাদ

তিন দিনের মাথায় মত পরিবর্তন করে আবার রাষ্ট্রপতি হওয়ার কথা পাড়লেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, "আমার শেষ ইচ্ছা প্রেসিডেন্ট হয়েই মরতে চাই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

কুড়িগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন দিনের মাথায় মত পরিবর্তন করে আবার রাষ্ট্রপতি হওয়ার কথা পাড়লেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, "আমার শেষ ইচ্ছা প্রেসিডেন্ট হয়েই মরতে চাই।" মঙ্গলবার কুড়িগ্রাম শহরের পুরাতন পোস্ট অফিস মাঠে অনুষ্ঠিত দলের এক কর্মীসভায় এরশাদ এ কথা বলেন। এর আগে রোববার রংপুরে রাষ্ট্রপতি হওয়ার অনীহা প্রকাশ করে সংসদে উপনেতার হওয়ার প্রস্তাব সানন্দে গ্রহণ করার কথা জানিয়েছিলেন তিনি। ওইদিন সন্ধ্যায় রংপুরে তার বাসভবন পল্লী নিবাসে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে এরশাদ বলেন, "আমাকে জাতীয় সংসদে উপনেতা করার কথা বলা হয়েছে। এটা করা হলে সানন্দে গ্রহণ করব।" রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে তখন তিনি বলেছিলেন, "আমি রাষ্ট্রপতি হলে জাতীয় পার্টি ধংস হয়ে যাবে। দেশের জন্য কোনো কাজ করতে পারব না। দল করতে পারব না। তাছাড়া রাষ্ট্রপতির কোনো কাজও নেই।" কুড়িগ্রামের কর্মীসভায় এরশাদ বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন-ছয় মাসের জন্য হলেও আমাকে রাষ্ট্রপতি করা হবে। এই সরকারের ক্ষমতার মেয়াদে যেকোনো সময় আপনাদের ছেলে এরশাদ প্রেসিডেন্ট হবে- এটাই চূড়ান্ত কথা।" রাষ্ট্রপতি হবেন নাকি সংসদের উপনেতা হবেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বেও ভুগছেন তিনি। জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্তটা ভাল হয়েছে- এ কথা উল্লেখ করে এরশাদ বলেন, "প্রথমেই প্রেসিডেন্ট হলে তিনটি আসনই ছেড়ে দিতে হতো। দলকে সংগঠিত করতে পারতাম না। তাছাড়া বর্তমান প্রেসিডেন্টের ক্ষমতা অত্যন্ত সীমিত। তাই মাঝে মধ্যে এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগি।" "তবে রাষ্ট্রপতি একটা সম্মানের পদ। শেষ বয়সে সেই সম্মান নিয়ে মরতে চাই," তিনি বলেন। এরশাদ আরও বলেন, "কে কোন পদ পেল তা বড় কথা নয়, বড় কথা হলো জাতীয় পার্টি এখন ক্ষমতায়। আমাদের একজনকে মন্ত্রী করা হয়েছে। আরও কয়েকজনকে করা হবে।" নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্র"তি বাস্তবায়ন করার আশ্বাস দেন তিনি। মরার আগে তিনি এ অঞ্চলের মানুষের ঋণ শোধ করতে চান। তাই কুলাঘাটে ধরলা নদীর উপর সেতু, রংপুরে গ্যাস সরবরাহ, নতুন কল-কারখানা স্থাপন ও রংপুরকে বিভাগ করার আশ্বাস দেন এরশাদ। কুড়িগ্রাম জেলা জাপা সভাপতি সংসদ সদস্য মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান রাঙা, গোলাম হাবীব দুলাল, আব্দুস সালাম, আব্দার হোসেন, মোবারক আলী, মইনুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪৯ ঘ.