ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশকে 'ন্যায্য হিস্যা' দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। আরেকটি অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।
পিনাক রঞ্জন বলেন, "গঙ্গায় পানি প্রবাহের ভিত্তিতে বণ্টন চুক্তির শর্ত নির্ধারিত হয়েছে। এখন হিমালয়ের তুষারের উচ্চতা কমে যাওয়ায় পানির প্রবাহ অনেক কমে গেছে। যা রয়েছে, তা থেকেই বাংলাদেশ ন্যায্য হিস্যা পাচ্ছে।"
নতুন সরকারের সময়ে অন্যতম আন্তর্জাতিক নদী তিস্তার পানি বণ্টন চুক্তি হবে কিনা- জানতে চাওয়া হলে ভারতীয় হাইকমিশনার বলেন, "আশা তো করছি, হতেও পারে।"
পিনাকরঞ্জন বলেন, "বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না বলে যারা প্রচার করছেন, তারা ওই চুক্তি সম্পর্কে জানেন না অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের প্রচারণা চালাচ্ছেন।"
বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে পিনাক রঞ্জন জানান, পানি বণ্টন, সীমান্ত নদীর তীর রক্ষা বাঁধ, নদী খননসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।
সীমান্তবর্তী নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সীমান্ত নদীর তীর রক্ষা দুই দেশের বিষয় বলে একটি দেশের পক্ষ থেকে উদ্যোগ নিলে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তাই বর্তমানে এ কাজ বন্ধ রাখা হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে কাজ শুরু করা হবে।"
পানি বণ্টন প্রসঙ্গে হাইকমিশনার বলেন, "পানির হিস্যার ক্ষেত্রে পানি ব্যবস্থাপনার বিষয়টিও দেখা হয়। গঙ্গায় পানির হিস্যার জন্য সেখানে পানির পর্যাপ্ততাও নিশ্চিত করতে হয়। নদীতে পানির প্রাপ্তি কমে গেলে বণ্টনের হারও কমে যায়।"
বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের জানান, গঙ্গার পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য শিগগিরই যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠানে ভারত সম্মত হয়েছে।
শিগগিরই এ বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, সেখানে অন্যান্য সমস্যা নিয়েও আলোচনা হবে।
গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় সরকারের পক্ষ থেকে প্রতিবাদ অথবা অন্য কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা- প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমাদের চারদিকে ভারত, আর মাঝখানে বাংলাদেশ। প্রতিবাদ করে সম্পর্কের অবনতি করা ঠিক হবে না।"
তিনি আরো বলেন, "ভারতের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন, জেআরসির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় বসলেই বিরাজমান সমস্যার সমাধান হয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৮৩৭ঘ.
bdnews24