নাটোর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বাছাইকৃত প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।
উপজেলার হাট গোবিন্দপুর কামারপাড়া মোড়ে প্রচারণা চালানোর সময় রোববার রাতে এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা করেছেন দলীয় প্রার্থী আনিছুর রহমান।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রোববার সন্ধায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন হাটগোবিন্দপুর কামারপাড়া মোড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
এ সময় দলের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বকুলের (চেয়ার প্রতীক) শতাধিক সমর্থক লাঠিসোটা নিয়ে মিছিল করতে করতে ওই মোড়ে আসে। তারা প্রচারণায় বাধা দেয় এবং ওই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য বলে। এর পরপরই বকুলের সমর্থকরা দলীয় প্রার্থী আনিছুর রহমানসহ নেতা-কর্মীদের বেধড়ক মারপিট করে।
পরে স্থানীয় লোকজন একজোট হয়ে বকুলের সমর্থকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় আহত লিয়াকত (৩২) রিপন (২৫) শাহাজাহান (৩২) ও শহিদুলকে (২২) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যরা নাটোরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
আনিছুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনি দলীয় প্রার্থী হয়েছেন। তার প্রচারণায় অংশ নিয়েছেন দলের সর্বস্তরের নেতা কর্মীরা। এতে দিশেহারা হয়ে শহিদুল ইসলাম বকুল তার সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, বকুলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে।
এ ব্যাপারে বার বার চেষ্টা করেও শহিদুল ইসলাম বকুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24