২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ উপনেতা করার প্রস্তাব সানন্দে গ্রহণ করবেন এরশাদ

সংসদের উপনেতা করার প্রস্তাব সানন্দে গ্রহণ করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, "আমাকে জাতীয় সংসদে উপনেতা করার কথা বলা হয়েছে। এটা করা হলে সানন্দে গ্রহণ করব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

রংপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদের উপনেতা করার প্রস্তাব সানন্দে গ্রহণ করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, "আমাকে জাতীয় সংসদে উপনেতা করার কথা বলা হয়েছে। এটা করা হলে সানন্দে গ্রহণ করব।" রোববার সন্ধ্যায় রংপুরে তার বাসভবন পল্লী নিবাসে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে এরশাদ এ কথা বলেন। রাষ্ট্রপতি হতে অনীহা প্রকাশ করে এরশাদ বলেন, "আমি রাষ্ট্রপতি হলে জাতীয় পার্টি ধংস হয়ে যাবে। দেশের জন্য কোনো কাজ করতে পারব না। দল করতে পারব না। তাছাড়া রাষ্ট্রপতির কোনো কাজও নেই।" "অপরদিকে সংসদে উপনেতা থাকলে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে পারব। যে আশা নিয়ে দেশের জনগণ জাতীয় পার্টিকে ভোট দিয়েছে সেই আশা পুরণ করতে পারব," তিনি বলেন। জাতীয় পার্টি থাকার কারণে নির্বাচনে মহজোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, "অনেক প্রত্যাশা নিয়ে দেশের মানুষ এবার বিপুল ভোটে মহাজোটকে জয়ী করেছে। সেই প্রত্যাশা পুরণ করাই এখন আমাদের দায়িত্ব।" মর্যাদাপূর্ণ বলে ঢাকা-১৭ আসনটি রাখার কথা জানিয়ে তিনি বলেন, "এই আসনটি ছেড়ে দিলে সেখানে সংসদ নির্বাচন করার মতো জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই। সে কারণে রংপুর সদর ও কুড়িগ্রাম সদর আসন ছেড়ে দিয়েছি।" উপ নির্বাচনে এই দুই আসনে আবারও তার দলের প্রার্থীরা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এরশাদ বলেন, "এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে জাতীয় পার্টি কোনো আঞ্চলিক দল নয়। আমরা সারাদেশের। সকল বিভাগেই আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে।" তিনি বলেন, "রংপুর সদর আসনে এবার রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বচিত হয়েছি। আমার মতো এত বিশাল ভোটের ব্যবধানে শেখ হাসিনা এবং খালেদা জিয়াও জয়ী হতে পারেননি।" রংপুর সদর আসনে বিজয়ী হওয়ায় দেশে বিদেশে তার সম্মান বহুগুণ বেড়েছে- এ কথা উল্লেখ করে এরশাদ বলেন, "আমি রংপুরের মানুষের ঋণ শোধ করার জন্য কাজ করতে চাই। রংপুরকে বিভাগ করে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আনার ব্যবস্থা এবং শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কাজ করব।" সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, "এবারের মন্ত্রিসভায় ক্লিন লোকদের স্থান দেওয়ায় দেশে বিদেশে মহাজোটের ভাবমূর্তি অনেক বৃদ্ধি পেয়েছে।" জাতীয় পার্টি থেকে একজনকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে উল্লেখ করে আরও কয়েকজনকে নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জাপা চেয়ারম্যান। বগুড়ায় জাপা প্রার্থী আলতাফ হোসেন খালেদা জিয়ার বিরুদ্ধে ৯৩ হাজার ভোট পেয়েছেন উল্লেখ করে উপ নির্বাচনেও তাকে মনোনয়ন দেওয়ার কথা জানান। তবে রংপুর সদর আসনে কাকে মনোনয়ন দেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে কারও নাম বলেননি তিনি। উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান জানিয়ে এরশাদ বলেন, "উপজেলা নির্বাচন হলে জাতীয় পার্টি অনন্তকাল মানুষের মাঝে বেঁচে থাকবে। কারণ উপজেলা আমার সৃষ্টি।" এরশাদ তিন দিনের সফরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুরে পল্লী নিবাসে পৌঁছালে দলের কয়েক হাজার নেতা-কর্মী তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান। এ সময় অন্যান্যের মধ্যে জাপা সভাপতিমণ্ডলীর সদস্য মশিয়ার রহমান রাঙ্গা, জেলা জাপা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর পৌরসভা মেয়র ও নগর জাপা সভাপতি আব্দুর রউফ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৪ ঘ.