ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য মর্যাদায় শনিবার পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তান থেকে স্বাধীন দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু।
আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসায় দিনটি এবার ভিন্ন প্রেক্ষাপটে পালিত হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন।
পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে নবনিযুক্ত মন্ত্রী, সাংসদ ও দলীয় নেতৃদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেন গুপ্ত সেখানে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এর আগে ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ও বঙ্গবন্ধু ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুস্পমাল্য দেন বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্ম বিয়বক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, এস এম কামাল হোসেন, নির্মল গোস্বামী, আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, মোল্লা মো. আবু কাওসার প্রমুখ।
এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য মন্ত্রী বলেন, "এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসেছিলেন। মানুষ সে দিন সত্যিকার স্বাধীনতার স্বাদ পেয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এজে/এসি/ডিডি/এমএসবি/জেকে/২২১০ ঘ.
bdnews24