সিরাজগঞ্জ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যমুনার ভাঙন রোধে সিরাজগঞ্জ ও বগুড়ায় স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত আওয়ামী লীগ সরকারের পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
তিনি বলেন, "নদী ভাঙন রোধে বিভিন্ন স্থানে অল্প অল্প টাকার প্রকল্প না নিয়ে বরং এক জায়গায় স্থায়ী সমাধানের লক্ষ্যে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হবে। আর এসব প্রকল্পের কাজ এমনভাবে শুরু করা হবে যাতে শুষ্ক মৌসুমের কাজ শুষ্ক মৌসুমেই শেষ হয়।"
বৃহস্পতিবার দুপুরে নিজের জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের নদী ভাঙন রোধে সরকারের পদক্ষেপ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
পানি সম্পদমন্ত্রী বলেন, "আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে জনগণকে রক্ষা করা। আর এ জন্য পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন ধরনের প্রকল্পের দরপত্র প্রক্রিয়ার জটিলতাও দূর করা হবে।"
এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী শেখ আব্দুল মমিন, বগুড়া জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আকরাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আফজাল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. নিজামুল হক ভূঁইয়া, মো. আমিনুল ইসলাম প্রমুখ।
দুপুর সোয়া ২টার দিকে মন্ত্রী বগুড়া থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের যমুনার সেতুর পাশ্চিম প্রান্তের গোল চত্বর এলাকায় মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান, জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নিজামুল হক ভূঁইয়া।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, "আগামী ১৫ দিনের মধ্যে কৃষকদের জন্য দুটি শুভ সংবাদ আসছে। আওয়ামী লীগ সরকার আগামী সাতদিনের মধ্যে ডিজেলের দাম কমাতে যাচ্ছে।"
এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সারের দাম কমিয়ে খোলা বাজারে বিক্রির পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।
মন্ত্রী হুঁশিয়ার করে বলেন, "কোন সরকারি বা বেসরকারি কর্মকর্তা বা কর্মচারি কৃষকদের কাছে দ্রুত সার পৌঁছাতে বিলম্ব করলে তাকে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পড়তে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.
bdnews24