২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় টুঙ্গীপাড়া-কোটালীপাড়ায় আনন্দের বন্যা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলায় আনন্দের বন্যা বইছে। দুই উপজেলায় দলের নেতা-কর্মী সমর্থক ও সর্বস্তরের মানুষ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তারা হাসিনার দীর্ঘায়ূ ও সাফল্য কামনা করেন। তারা আশা করেন হাসিনা তার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

গোপালগঞ্জ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলায় আনন্দের বন্যা বইছে। দুই উপজেলায় দলের নেতা-কর্মী সমর্থক ও সর্বস্তরের মানুষ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তারা হাসিনার দীর্ঘায়ূ ও সাফল্য কামনা করেন। তারা আশা করেন হাসিনা তার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবেন। ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৬২টি আসন লাভ করে। এর মধ্যে আওয়ামী লীগ একাই ২৩০ আসন পায়। মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার নেতৃত্বে ৩২ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে। টুঙ্গীপাড়ার চাতাল শ্রমিক রহিমা বেগম আশা করেন, হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় জিনিসপত্রের দাম কমবে। তাতে ছেলে-মেয়ে নিয়ে দু'বেলা দু'মুঠো খেতে পারবেন তারা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন চাতালে কাজ করে ৭০-৮০ টাকা মজুরি পান তিনি। চাল-ডালের দাম বেশি থাকায় সংসার ভাল চলত না। কোটালীপাড়া কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার বলেন, " আশা করি হাসিনা সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তুলবেন। এতে আমরা উপকৃত হবো।" কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার বলেন, "হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় বঞ্চিত টুঙ্গীপাড়া-কোটালীপাড়াবাসী সবচেয়ে বেশী খুশী হয়েছে। তার নিজ নির্বাচনী এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্য্যেগ তিনি নেবেন বলে আমরা আশা করি।" মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ লুৎফর রহমান বলেন, "জঙ্গি, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী শক্তিকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্বাধীনতার চেতনায় গড়তে হবে। আমাদের প্রিয় নেত্রী আশা করি এ কাজগুলো করবেন।" কলেজ ছাত্র সুমন, সোহেল, অপু, মাহাবুব, জসিমের প্রত্যাশা, প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেকারত্ব কমবে। দারিদ্র্য থাকবে না। কৃষক মুনসুর, হায়দার, জাফর, নজু আশা করেন, হাসিনার নেতৃত্বাধীন সরকার তাদের বীজ, সার, কীটনাশক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। এতে কৃষি উৎপাদন বাড়বে। কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.