২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঙ্গীকার বাস্তবায়ন করলে সরকারকে সহযোগিতা করবো: বিএনপি

আবারো নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার অঙ্গীকার বাস্তবায়ন করলে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আবারো নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার অঙ্গীকার বাস্তবায়ন করলে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিএনপি। দেলোয়ার নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য নয় মর্মে বিএনপি'র অবস্থান পুনর্ব্যক্ত করেন। বিকালে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে খোন্দকার দেলোয়ার এ অভিমত দেন। নির্বাচনের পর এটিই বিএনপি মহাসচিব হিসাবে তার প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং। নির্বাচনে 'ব্যাপক জালিয়াতি ও কারচুপি' হয়েছে --আবারও এ অভিযোগ করে দেলোয়ার বলেন, "তারপরও এ সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। তারা যদি যেসব অঙ্গীকার করেছে, তা বাস্তবায়ন করে, তাতে সহযোগিতা করব।'' তিনি বলেন, "ফলাফল গ্রহণযোগ্য নয়। তবুও আমরা তাদের নির্বাচনী ইশতিহার বাস্তবায়ন করুক এটা চাই। জনকল্যাণমুখী কাজ করলে বিএনপি সরকারকে সহযোগিতা করবে।'' আওয়ামী লীগ অতীতে বিএনপি নেতৃত্বাধীন জোটকে অসহযোগিতা করেছে মন্তব্য করে তিনি দাবি করেন, এ সরকারকে আমাদের কাছে সহযোগিতা চাইতে হবে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগের চরিত্র পাল্টায়নি অভিযোগ করে দেলোয়ার বলেন," সারাদেশে বিএনপি'র নেতা-কর্মী, সমর্থকদের ওপরে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। এ চিত্র একদলীয় বাকশালী শাসনামলের সন্ত্রাসের কথাই স্মরণ করিয়ে দেয়। আমাদের নেতাকর্মীরা এখন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।" তিনি দাবি করেন, ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর এ পর্যন্ত ১১টি খুন, দেড় হাজার নেতাকর্মী আহত, পাঁচ শতাধিক ঘরবাড়ি, দোকান পাট হামলা-দখল হয়েছে। তিনি বিভিন্নস্থানে নির্বাচন পরবর্তী সহিংসতা, দলীয় কার্যালয় দল, নারী নির্যাতন, লুটপাট, নেতাকর্মীদের হুমকি, হামলা, জখম-এর চিত্রও তুলে ধরেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও বিএনপির বিরুদ্ধে কিছু হামলার অভিযোগ করা হয়েছে। তবে বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব 'ভালো' উদ্যোগ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব । তিনি বলেন, ''বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের এ প্রস্তাব ভালো উদ্যোগ। বিভিন্ন দেশে এটা রয়েছে। বাংলাদেশে হলে এটা ভালো হয়।'' দেলোয়ার বলেন, ''আমরা বিরোধী দল হিসাবে দায়িত্বশীল ভূমিকা নেব। আওয়ামী লীগ কেবল 'দিন বদলের' কথা বললেই চলবে না। তার অতীত সংস্কৃতি, স্বভাব-চরিত্র পাল্টাতে হবে।'' "ভোটের ব্যালট পেপার প্রদর্শনের বিষয়ে' একজন নির্বাচন কমিশনারের বক্তব্য খণ্ডন করে বিএনপি মহাসচিব বলেন, "ব্যালট পেপার ভোট কেন্দ্রের বাইরে কীভাবে এলো, তা নির্বাচন কমিশনকে বলতে হবে। কিন্তু তা না করে তারা আজ হুমকি দিচ্ছে মামলা করবে।" দেলোয়ার দাবি করেন, নির্বাচন কারচুপির তথ্য প্রমাণ যাতে আর বেশি প্রকাশ না হয় সে জন্যই কমিশন মামলা করার কথা বলে 'হুমকি দিচ্ছে'। তিনি মন্তব্য করেন, "বরং উল্টো নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।'' ৯০ শতাংশ ভোট গ্রহণের হারকে আবারো 'অবিশ্বাস্য' আখ্যায়িত করে তিনি বলেন, ''তাদের এ ভোট ভৌতিক।" শপথ অনুষ্ঠানের বিলম্ব সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ''আমরা সুবিধা মতো সময়েই শপথ নেব। আমাদের নবনির্বাচিত সাংসদরা ঢাকার বাইরে ছিলেন। বুধবার তারা ঢাকায় ফিরলে শপথের দিনক্ষণ ঠিক করা হবে।" তিনি আশা করেন, নবম জাতীয় সংসদ 'একতরফা' হবে না। ক্ষমতাসীন দল বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এসকে/১৯৫৫ঘ.