২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিট নিস্পত্তি হলেই আজম চৌধুরীর মামলা প্রত্যাহার: পিপি

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলাটি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এহসানুল হক সমাজীর মতামত চাইলে ফিরতি চিঠিতে তিনি জানিয়েছেন, মামলাটি স্থগিতের জন্য করা রিট আবেদনের নিস্পত্তি হলেই তা প্রত্যাহারের আইনানুগ প্রক্রিয়া শুরু করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলাটি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এহসানুল হক সমাজীর মতামত চাইলে ফিরতি চিঠিতে তিনি জানিয়েছেন, মামলাটি স্থগিতের জন্য করা রিট আবেদনের নিস্পত্তি হলেই তা প্রত্যাহারের আইনানুগ প্রক্রিয়া শুরু করা যাবে। 'রাষ্ট্রপতির আদেশে' মহানগর পাবলিক প্রসিকিউটরকে পাঠানো চিঠিতে বলা হয়, 'সরকার ফৌজদারী কার্যবিধির ৪৯৪ ধারার আওতায় ঢাকা মেট্রোপলিটান এলাকার গুলশান থানার মামলা নং-৩৪ তারিখ ১৩/৬/২০০৭ এর প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মামলাটি প্রত্যাহার করার লক্ষ্যে ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটান পাবলিক প্রসিকিউটর ও বিশেষ পিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা ও পরামর্শ প্রদান করার অনুরোধ করা হলো।' স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আইন শাখার উপসচিব মো. সুজায়েতউল্লাহ ওই চিঠিতে স্বাক্ষর করেন। জবাবে মহানগর পাবলিক প্রসিকিউটরের এহসানুল হক সমাজী তার চিঠিতে বলেন, 'একটি রিট আবেদনের কারণে আজম জে চৌধুরীর মামলাটির কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। ওই রিটের নিষ্পত্তি শেষে আইনানুগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে।' তিন কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী ২০০৭ সালের ১৩ জুন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এতে শেখ হাসিনা ও শেখ ফজলুল করিম সেলিমকে আসামি করা হয়। পরে মামলার অভিযোগপত্রে শেখ রেহানার নামও অন্তর্ভুক্ত করা হয়। গত ১৪ ডিসেম্বর আজম জে চৌধুরী মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ওইদিনই এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'বিশেষ পরিস্থিতিতে ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়েছিল।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/২১৩৫ঘ.