ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিস্থিতি 'ঘোলাটে না করে' নির্বাচনের রায় মেনে নিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় সামিল হতে বিএনপি-জামাত জোটের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকারও নির্দেশ দেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, "বিএনপি-জামাত জোটের নবনির্বাচিত সাংসদরা যথাসময়ে শপথ না নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা করছেন। নির্বাচনকে বিতর্কিত করা আর শপথ গ্রহণকে বিলম্বিত করাকে আমরা মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মনে করছি।"
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "গণতন্ত্র তথা জনগণের ভোটের রায় কারো ক্ষমতাকে চিরস্থায়ী ও পাকাপোক্ত করে না।"
জাতীয় সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করার অঙ্গীকারের কথা জানিয়ে আওয়ামী লীগ মুখপাত্র বলেন, "সংসদকে সচল ও কার্যকর করার জন্য জাতির এই ক্রান্তিলগ্নে আজ বিরোধীদলের ভূমিকা অপরিহার্য।"
সংবাদ সম্মেলনের শুরুতে আশরাফ অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে বিএনপি-জামাত জোটের ক্যাডার ও সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ধামরাই, রাজধানীর খিলক্ষেত, ময়মনসিংহের গফরগাঁও, ভোলার চরফ্যাশন, ঝিনাইদহের শৈলকুপা ও কসবায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্বাচনের পর দিন থেকে সন্ত্রাসী হামলা হচ্ছে।
সৈয়দ আশরাফ বলেন, "আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী কোনো সহিংস ঘটনায় অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
নির্বাচনের পর দেশের বিভিন্নস্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। চারদলীয় জোট তাদের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা চালানোর অভিযোগ করেছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান সৈয়দ আশরাফ।
নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "শান্ত থাকুন; আইন নিজের হাতে তুলে নেবেন না। কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নিতে আওয়ামী লীগ দ্বিধা করবে না। "
নির্বাচন-পরবর্তী হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে পুরো দেশে চারদলীয় জোটের বিরুদ্ধে মোট আটটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/২০০৪ঘ.
bdnews24