২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে তাজুলের মামলায় চূড়ান্ত প্রতিবেদন

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকা চাঁদাবাজির অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ। এ কারণে ব্যবসায়ী তাজুল ইসলাম ফারুকের দায়ের করা এ মামলায় রোববার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। অবশ্য গত বছর ২৩ ডিসেম্বর বাদী তাজুল নিজেই মামলাটি প্রত্যাহারের আবেদন করেছিলেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 04:24 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকা চাঁদাবাজির অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ। এ কারণে ব্যবসায়ী তাজুল ইসলাম ফারুকের দায়ের করা এ মামলায় রোববার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। অবশ্য গত বছর ২৩ ডিসেম্বর বাদী তাজুল নিজেই মামলাটি প্রত্যাহারের আবেদন করেছিলেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলাটির তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তিনি। মহানগর হাকিম তানিয়া কামাল প্রতিবেদনটি গ্রহণ করেছেন বলে তদন্ত কর্মকর্তা জানান। ওয়েস্টমন্ট অফশোর বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুক গত বছরের ৯ এপ্রিল তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ওই সময়ের ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদারকে মামলার আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, খুলনা, হরিপুর, শিকলবাহা ও বাঘাবাড়িতে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ১৯৯৭ সালের ১৩ মার্চ পিডিবির সঙ্গে তাজুলের কোম্পানি ওয়েস্টমন্টের চুক্তি হয়। কিন্তু ১৯৯৮ সালের বন্যার কারণে প্ল্যান্ট বসাতে কিছুটা দেরি হয়। ওই সময় মানু মজুমদার তাকে টেলিফোন করে বলেন, ব্যবসা রক্ষা করতে হলে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে হবে। এ অবস্থায় তাজুল মানুর সঙ্গে গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং চাঁদা দিতে রাজি হন। এরপর গণভবনে গিয়ে একটি স্যুটকেসে তিন কোটি টাকা শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন তিনি। পরে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করেন তাজুল। আবেদনে তিনি বলেন, "ওই সময়ে উদ্ভূত পরিস্থিতিতে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি করতে হয়েছিল। আমার কাছে এ ঘটনাটি ছিল অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত। আমি সৎ-সাহসে ও স্বেচ্ছায় মামলাটি প্রত্যাহার করে নিয়েছি। একজন দায়িত্বশীল ব্যবসায়ী ও সচেতন নাগরিক হিসেবে আমি ব্যবসার সঙ্গে রাজনীতিকে জড়াতে চাই না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/জেকে/২২৫৫ ঘ.