২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ী স্পিকারের কাছে শপথ নিতে পারবে না বিএনপি-জামায়াত

কথা থাকলেও চার দলের ৩২ জন নির্বাচিত সাংসদ রোববার নির্ধারিত সময়ে শপথ নিলেন না। সংবিধান অনুযায়ী এখন আর তারা বিদায়ী স্পিকারের মাধ্যমে শপথ বাক্য পড়তে পারবেন না। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সঙ্গে কথা বলে জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলের ৩২ জন নির্বাচিত সাংসদ রোববার নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় সংবিধান অনুযায়ী তারা আর স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মাধ্যমে শপথ বাক্য পড়তে পারবেন না। বিদায়ী স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবিধানের বিধি অনুযায়ী, যে সাংসদরা এখনও শপথ নেননি, তারা আগামী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ নিতে পারবেন। আর আগামী তিন দিনের মধ্যেও শপথ না নিলে সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে ৯০ দিনের মধ্যে নতুন স্পিকারের কাছ থেকে তাদের অবশ্যই শপথ নিতে হবে। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এলডিপি সভাপতি অলি আহমদ, আওয়ামী লীগের রণজিত কুমার রায় ও তিনজন স্বতন্ত্র সাংসদ রোববার বিকেলে শপথ নেন। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তাদের শপথ বাক্য পাঠ করান। পরে নিজের কার্যালয়ে বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্পিকার বলেন, "সংবিধানের বিধির কারণে আমি বিএনপি-জামায়াতের সাংসদদের শপথ পড়াতে পারব না।" সংবিধানের ১৪৮তম অনুচ্ছেদ থেকে উদ্ধৃত করে বিদায়ী স্পিকার বলেন, "নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হওয়ার পর তিন দিনের মধ্যে নবনির্বাচিত সাংসদদের শপথ নিতে হবে। এই তিন দিনের মধ্যে তারা শপথ না নিলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়াবেন।" গত বৃহস্পতিবার রাতে নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সেই হিসেবে গেজেট ঘোষণার পর রোববার ছিল তৃতীয় দিন। "তিন দিন পেরিয়ে যাওয়ার পর তারা আমার কাছে শপথ নিতে এলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমি তাদের শপথ পড়াতে পারি না।"- বিদায়ী স্পিকার বলেন। রোববার শপথ নেওয়া পাঁচ জন হলেন- অলি আহমদ (চট্টগ্রাম-১৩), রণজিত কুমার রায় (যশোর-৪), কবিরুল হক বিশ্বাস (নড়াইল-১), আব্দুল বাতেন (টাঙ্গাইল-৬) ও ফজলুল আজিম (নোয়াখালী-৬)। গত ২৯ ডিসেম্বর ৩০০টির মধ্যে ২৯৯টি সংসদীয় আসনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পেয়েছে। সেই হিসেবে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২। রণজিত কুমার ছাড়া মহাজোটের বাকি সাংসদরা শনিবার শপথ নেন। অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ৩২টি আসন। এর মধ্যে বিএনপির আসন সংখ্যা ২৯টি। অন্য শরিক জামায়াতে ইসলামী ২টি ও বাংলাদেশ জাতীয় পার্টি ১টি আসন পেয়েছে। রোববার বিকেল ৩টায় চার দলের সাংসদদের শপথ নেওয়ার জন্য সময় নির্ধারিত থাকলেও তারা সংসদে যাননি। চারদলীয় জোট নির্বাচনে বড় ধরণের অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এসকে/১৯৪৭ঘ.