ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদের বিরুদ্ধে একটি মানহানির মামলা হয়েছে।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু।
মামলার আরজিতে বলা হয়, "রিজভী আহমেদ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৯ ডিসেম্বর নির্বাচনে ডিজিটাল কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন। ওই দিন তিনি বলেন, মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম টিপু এবং সন্ত্রাসী বিশুর নেতৃত্ব সন্ত্রাসীরা নির্বাচনের পর মতিঝিল কলোনির কাঁচা বাজার, মাছের দোকান দখলে নেওয়ার জন্য হামলা চালায়।
"এছাড়া ওই সন্ত্রাসীরা মতিঝিল হিন্দুপাড়ায়ও বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায়।"
বাদি অভিযোগ করেছেন, এ ধরনের ভিত্তিহীন বক্তব্যে তার মানহানি হয়েছে।
মহানগর হাকিম আব্দুল মজিদ বাদি জাহিদুল ইসলামের জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালতে বাদি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট একেএম শাহনেওয়াজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭০৭ ঘ.
bdnews24