২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টি নিয়ে জিল্লুরের বাসায় হাসিনা-রেহানা

সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে রোববার দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানের বাসায় যান। দুই বোন সেখানে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রবীণ এই রাজনীতিকের পরিবারের সঙ্গে তিন ঘণ্টা সময় কাটান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহবুব বলছেন, দৃশ্যত ২০০৭ এর ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর সঙ্কটকালে ভারপ্রাপ্ত দলীয় প্রধানের দায়িত্বে জিল্লুরের ভূমিকার জন্য ধন্যবাদ জানাতেই বোনকে নিয়ে ভাবী প্রধানমন্ত্রী ওই বাড়িতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 08:01 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে রোববার দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানের বাসায় যান। সেখানে তারা পৌনে তিন ঘণ্টা ছিলেন। হাসিনা ও রেহানা বেলা পৌনে ১টার দিকে গুলশানের আইভি কনকর্ডে অবস্থিত জিল্লুর রহমানের বাসভবনে পৌঁছান এবং সাড়ে তিনটার দিকে তারা সেখান থেকে চলে আসেন। জিল্লুর রহমানের জন্য ফুল ও মিষ্টি নিয়ে যান শেখ হাসিনা। আইভি কনকর্ডের ছয় তলার লিফটের দোরগোড়ায় শেখ হাসিনাকে স্বাগত জানান জিল্লুর রহমান এবং তার ছোট মেয়ে ময়না। ময়নাকে জড়িয়ে ধরে তার কুশল বিনিময় করেন শেখ হাসিনা। এ সময় ময়নার কাছে তিনি জানতে চান বড় বোন তানিয়া কোথায়? শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত সচিব ডা. আওলাদ হোসেন আইভি কনকর্ডে উপস্থিত সাংবাদিকদের জানান, এটি শেখ হাসিনার ব্যক্তিগত কর্মসূচি। তিনি আরও জানান, এখানো কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না; হওয়ার সম্ভাবনাও নেই। শনিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা এবং জিল্লুর রহমানকে উপনেতা নির্বাচন করা হয়। বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে মহাজোট নেত্রী শেখ হাসিনা জানান, জিল্লুর রহমানকে উপনেতা নির্বাচন করা হলেও রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে তাকেই রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে। একই সংবাদ সম্মেলনে মহাজোটের মন্ত্রিসভার আকার এবং কারা কারা থাকছেন সে বিষয়ে বেশ কয়েকবার জানতে চাওয়া হলে হাসিনা বলেন, "আমি কিছু বলব না।" শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর জিল্লুর রহমান দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৬০০ ঘ.