ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট থেকে নির্বাচিতরা রোববার শপথ নেননি।
সংসদের স্পিকারের আমন্ত্রণে বিকেল তিনটায় তাদের শপথ নেওয়ার কথা ছিল।
দুপুরে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়ে জানান, বিএনপির সাংসদরা রোববার শপথ নিচ্ছেন না। তবে তারা কবে শপথ নেবেন সে বিষয়ে সুনির্দিষ্টভাবে তখন কিছু জানাননি তিনি।
রিজভী বলেন, "দলের নীতি নির্ধারকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর তা গণমাধ্যমকে জানানো হবে।"
বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই বিএনপি শপথ নিতে পারে।
নির্বাচনে চারদলের দুই শরিক জামায়াতে ইসলামী দুটি এবং বিজেপি একটি আসনে জয়ী হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিএনপির সঙ্গে আলাপ করে তাদের সাংসদরা শপথ নেবেন।
বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (রোববার) চারদলীয় ঐক্যজোটের নির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করছেন না। শিগগিরই আমরা শপথ গ্রহণ করব। তবে কবে শপথ নেব তা চারদলের বৈঠকে জোটনেত্রী খালেদা জিয়া সিদ্ধান্ত নেবেন।"
এলডিপি সভাপতি অলি আহমদ, আওয়ামী লীগের রণজিত কুমার রায় এবং তিনজন স্বতন্ত্র সাংসদ রোববার শপথ নিয়েছেন।
এর আগে শনিবার একজন বাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সাংসদরা শপথ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এএল/২০২৩ ঘ.
bdnews24