ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে বিজয়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের আসনটি রেখে বাকি দুই আসন ছেড়ে দিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রেখেছেন ঢাকার আসনটি।
জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
নিয়ম অনুযায়ী, একটির বেশি আসনে বিজয়ীদের শপথ নেওয়ার আগে নির্দিষ্ট একটি আসন ছাড়া অপর আসনগুলো ছেড়ে দিতে হয়। শনিবার বিকালেই শপথ নিচ্ছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নতুন সাংসদরা।
শেখ হাসিনা রেখেছেন তার পৈত্রিক এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনটি। এ আসনে তিনি বরাবরই নির্বাচিত হয়ে আসছেন।
আওয়ামী লীগ সভানেত্রী ছেড়ে দিয়েছেন রংপুর-৬ (পীরগঞ্জ) এবং বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট) আসনটি। এবার সর্বোচ্চ এই তিনটি আসনে নির্বাচন করে বিজয়ী হন তিনি।
এইচএম এরশাদ রেখেছেন ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট-গুলশান) আসনটি। তিনি ছেড়ে দিয়েছেন তার এলাকার রংপুর-৩ এবং কুড়িগ্রাম-২ আসনটি। রংপুর-৩ আসনটি থেকে এরশাদ বরাবর নির্বাচন করে আসছেন।
এরশাদ ও হাসিনা ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তিনটি আসনে বিজয়ী হন। তার তিনটি আসন হলো- ফেনী-১, বগুড়া-৬ ও ৭।
শপথ নেওয়ার আগে তাকেও একটি আসন রেখে অপর দুটি আসন ছেড়ে দিতে হবে। রোববার বিএনপি সাংসদদের শপথ নেওয়ার কথা রয়েছে।
হাসিনা, খালেদা ও এরশাদের ছেড়ে দেওয়া আসনগুলোতে উপ-নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৪৫৩ ঘ.
bdnews24