ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী নূর আলীর করা চাঁদাবাজির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিনের আবেদনের ওপর সোমবার (২৯ সেপ্টেম্বর) হাইকোর্টের আদেশ দেওয়ার কথা রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের অবকাশকালীন বেঞ্চ হাসিনার জামিনের আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি গ্রহণ করে আদেশের এই দিন ধার্য করেন।
শুনানিতে সরকার পক্ষের আইনজীবী শেখ হাসিনার জামিন আবেদনের বিরোধিতা করে।
পরে এ ব্যাপারে হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "আমরা বলেছি শেখ হাসিনা প্যারোলে রয়েছেন। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তার মুক্ত মানুষ হিসেবে দেশে ফিরে আসা উচিত। তাই তার জামিন প্রয়োজন।"
স্বাস্থ্যগত কারণে হলেও হাসিনাকে জামিন দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
দুই নেত্রীকে আলোচনায় বসানোর ব্যাপারে সরকার ও তার উদ্যোগের বিষয়টি তুলে ধরে ব্যারিস্টার হক সেদিন আরও জানান, হাসিনার জামিনের ব্যাপারে তার সঙ্গে আলোচনায় আইন উপদেষ্টা ইতিবাচক অভিমত ব্যক্ত করেন। এরপরও সরকার পক্ষের আইনজীবীর বিরোধিতার বিষয়টি 'খুবই পরস্পরবিরোধী'।
এদিকে, নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় হাসিনার জামিনের জন্য সোমবার পুনরায় আবেদন জানানো হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
২০০৭ সালের ১৩ জুন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার দুই আত্মীয়- শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে তেঁজগাও থানায় মামলাটি দায়ের করেন।
ওই বছরের ৭ আগস্ট হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ মামলায় তাকে জামিন দিয়েছিল। তবে গত বছরের ২৭ আগস্ট আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে দেয়।
২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর এবছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে বিদেশে চিকিৎসার জন্য তাকে সাময়িক মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএইচবি/১১৫৮ ঘ.
bdnews24